মাইক্রো ব্লগিং সেবা বিক্রি করে দেওয়ার পরিকল্পনা নিয়ে বিভিন্ন প্রযুক্তি কোম্পানির সঙ্গে কথাবার্তা চালিয়ে যাচ্ছে টুইটার। এই বিভিন্ন প্রযুক্তি কোম্পানির তালিকায় এবার যুক্ত হলো গুগল ও ক্লাউড কম্পিউটিং কোম্পানি সেলসফোর্সের নাম। টুইটার কিনতে আলোচনা চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠান দুটি।
শিগগিরই আনুষ্ঠানিকভাবে নিলামে উঠতে পারে টুইটার, দাবি রয়টার্স ও দ্য ভার্জের।
২০০৬ সালে চালু হয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইটটি। গত এক দশক ধরে তাদের সংগ্রহে যে ডেটা রয়েছে, মনে করা হচ্ছে সেই ডেটার টানেই গুগলের মতো সম্ভাব্য ক্রেতারা টুইটার কিনতে আগ্রহী হবে।
সোশ্যাল এই সাইটি বিক্রি করে দেওয়ার পরিকল্পনা থাকলেও টুইটার কিন্তু এখনও সোশ্যাল ভিডিও-এর মতো নতুন কিছু নিয়ে আসছে। তার পরও গত দু-বছরে টুইটারের সক্রিয় ব্যবহারকারী সে অর্থে বাড়েনি। বর্তমানে তাদের সক্রিয় ব্যবহারকারী ৩১৩ মিলিয়ন। একই জায়গায় দাঁড়িয়ে। তার উপর আবার আগের তুলনায় লভ্যাংশও কিছুটা কমেছে।
লভ্যাংশ কমা ছাড়াও টুইটারের গুরুত্বপূর্ণ দু-জন কর্মকর্তা সম্প্রতি এই কোম্পানি ছেড়ে অন্যত্র যোগ দিয়েছেন। এসব কারণেই টুইটার বিক্রির কথা ভাবা হচ্ছে কিনা, তা জানা যায়নি।
ইত্তেফাক/এএম