রাসেলের ব্যাটে সাকিবদের পরাজয়

স্পোর্টস রিপোর্টার

গতকাল ছিল সাকিব আল হাসানের জন্মদিন। এই দিনেই নিজের পুরানো দল কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিপক্ষে ম্যাচ ছিল সাকিবের দল সানরাইজার্স হায়দরাবাদের। খেলা শুরুর আগেই সাকিবের জন্য স্মরণীয় হয়ে গেলো দিনটা। তাকে দিয়ে বাজানো হলো ইডেন্স গার্ডেন্সের ম্যাচ শুরুর ঘণ্টা।

এমন একটা দিনে ব্যাটে-বলে খুব একটা পারফরম করতে পারলেন না সাকিব। তার দলও হেরে গেলো প্রথম ম্যাচ। আন্দ্রে রাসেলের অবিশ্বাস্য ব্যাটিংয়ে ভর করে ৬ উইকেটের জয় পেল কলকাতা। আগে ব্যাট করে ৩ উইকেটে ১৮১ রান তুলেছিল সাকিবদের দল। জবাবে রাসেলের ১৯ বলে ৪৯ রানের ইনিংসে ২ বল বাকি থাকতেই চলে আসে কলকাতার জয়।

হায়দরাবাদ এদিন খেলতে নেমেছিল তাদের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনকে ছাড়াই। উইলিয়ামসন ইনজুরিতে ভুগছিলেন। তার বদলে অধিনায়কত্ব করেন ভুবনেশ্বর কুমার। তবে খেলার শুরুর ছন্দ তৈরি করে দেন ওয়ার্নার। তিনি ও জনি বেয়ারস্টো বিনা উইকেটে ১২.৫ ওভারে ১১৮ রান তুলে ফেলেন। বেয়ারস্টো ৩৫ বলে ৩৯ রান করে ফেরেন। অন্য দিকে ঝড় তোলেন ওয়ার্নার। তিনি ৫৩ বলে ৯টি চার ও ৩টি ছক্কায় ৮৫ রানের ইনিংস খেলেন। অন্য দিকে বিজয় শঙ্কর ২৪ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন।

জবাব দিতে নেমে শুরু থেকে একদমই লড়াইয়ে ছিল না কলকাতা। মাত্র ৭ রানে তারা ক্রিস লিনের উইকেট হারায়; প্রথম আঘাত হানেন সাকিব। এরপর নীতিশ রানা ও রবিন উথাপ্পা দলকে লড়াইয়ে রাখেন। উথাপ্পা ৩৫ রান করেন। রানা ৪৭ বলে ৬৮ রান করে ফেরেন।  কিন্তু আসল ভেল্কিটা দেখান আন্দ্রে রাসেল। রাসেল যখন উইকেটে আসেন তখন ৫০ বলে ৯৫ রান দরকার ছিল কলকাতার।

ম্যাচ পুরো হায়দরাবাদের নিয়ন্ত্রণে ছিল। কিন্তু কাউলের এক ওভারে ১৮ রান নিয়ে ঝড় শুরু করেন রাসেল। এরপর শেষ ওভারে সাকিবকে দুই ছক্কা মেরে শেষ করে দেন হিসাব।