এশিয়া কাপ আরচারি শুরু আজ
স্পোর্টস রিপোর্টার
এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাংকিং আরচারির স্টেজ ওয়ানে শেষ চার নিশ্চিত করার প্রাথমিক লক্ষ্য নিয়ে গতকাল রবিবার থাইল্যান্ড গেছে বাংলাদেশ দল। আরচারির এশীয় শ্রেষ্ঠত্বের এ লড়াই আজ থেকে শুরু হয়ে চলবে আগামী ৩০ মার্চ পর্যন্ত।
রিকার্ভ ও কম্পাউন্ড দুই বিভাগে ছয়জন করে মোট ১২ জন আরচ্যার ১০টি ইভেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
সদ্য শেষ হওয়া আইএসএসএফ ইন্টারন্যাশনাল সলিডারিটি আরচারির নারী রিকার্ভ এককে দিয়া সিদ্দিকী এবং দলগত নারী কম্পাউন্ড ইভেন্টে বন্যা আক্তার, সুস্মিতা বনিক ও শ্যামলী রায়দের কল্যাণে স্বর্ণপদক জয় করে বাংলাদেশ।
সে ধারা অব্যাহত রেখে এশিয়া কাপের সব ইভেন্টেই সেমিফাইনালকে পাখির চোখ করছেন কোচ ফ্রেডেরিখ। তিনি বলেন, ‘এ বছর অনুষ্ঠেয় বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও এশীয় চ্যাম্পিয়নশিপের কথা মাথায় রেখেই প্রস্তুতি নিয়েছি আমরা। এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাংকিং আরচারিতে আমাদের প্রাথমিক লক্ষ্য থাকবে সেমিফাইনাল নিশ্চিত করা।’ শনিবার সফরপূর্ব সংবাদ সম্মেলনে এ কথা জানান জার্মান এই কোচ। আরচারি এশিয়া কাপে এ পর্যন্ত ১৫ বারের অংশগ্রহণে দুইটি স্বর্ণসহ সর্বমোট ১৮টি পদক জয় করেছে বাংলাদেশ।