জাপানীজ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জন্য জমি হস্তান্তর

ইত্তেফাক রিপোর্ট

নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রায় এক হাজার একর জমির ওপর গড়ে তোলা হবে জাপানীজ অর্থনৈতিক অঞ্চল। অঞ্চলটিতে ডেভেলপার হিসেবে কাজ করবে জাপানের কোম্পানী সুমিতোমো করপোরেশন। ৫০০ একর প্রথমে এবং পরবর্তীতে বর্ধিত ৫০০ একর হিসেবে জমি হস্তান্তর করা হবে। এরই অংশ হিসেবে জেলা প্রশাসন থেকে ৫০০ একর জমি গতকাল অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) কাছে হস্তান্তর করা হয়।

গতকাল রাজধানীর বেজা কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. নজরুল ইসলাম বাবু এবং নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বী মিয়া।

সভাপতির বক্তব্যে বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, বেজা অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে জি-টু-জি ভিত্তিতে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের নিমিত্ত নানা পরিকল্পনা হাতে নিয়েছে। এই অঞ্চলে জাপানী বিনিয়োগকারীরা পরিকল্পিত এবং পরিবেশবান্ধব শিল্পাঞ্চল গড়ে তুলবে। জাপানীজ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জন্য ইতোমধ্যে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। অনুষ্ঠানে জানানো হয়, ইতোমধ্যে সুমিতোমো করপোরেশনের সঙ্গে জয়েন্ট ভেঞ্চার চুক্তির প্রস্তুতি সম্পন্ন হয়েছে।