কুমিল্লায় অগ্নিকাণ্ডে ৪০ দোকান ভস্মীভূত

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা নগরীর রাজগঞ্জ বাজারে রবিবার ভোর রাতে অগ্নিকাণ্ডে ৪০টিরও বেশি দোকান পুড়ে গেছে।

কুমিল্লা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আলমগীর হোসেন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে কুমিল্লা সদর, চান্দিনা, সদর দক্ষিণ ও ইপিজেড ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাজারের কসমেটিক, মনোহারী ও ডিমসহ বিভিন্ন পণ্যের ৪০টিরও বেশি পাইকারি মালামাল বিক্রির দোকান পুড়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

আগুনে দোকানের আসবাবপত্র ও মালামালসহ অন্তত পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেন।