হবিগঞ্জে অগ্নিকাণ্ডে পাঁচ দোকান ভস্মীভূত

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। এতে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে অন্তত ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, রবিবার বিকাল ৩টার দিকে শহরের শায়েস্তানগর ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন জ্বালানি তেল বিক্রেতা শামীম মিয়ার দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। দাহ্য পদার্থ হওয়ায় নিমেষেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে। আগুনে ৫টি দোকান পুড়ে যায়। এ সময় স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ওই এলাকার বাসিন্দারা। অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কর্মকর্তা সামছুল আলম।