পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় শহরে এক নারীকে শ্লীলতাহানি ও আঘাত করার অভিযোগে আমিনুর রহমান নামে এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম এ দণ্ড দেন। পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামের সামনে রিকশায় চড়ার সময় আমিনুর ওই নারীকে জড়িয়ে ধরে এবং তার মুখে আঘাত করে। এ সময় ওই নারী চিত্কার করলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে তাকে আটক করে এবং গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক ওই দণ্ড দেন। পঞ্চগড় থানার উপ-পরিদর্শক দীন মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।