নোয়াখালীতে মাদ্রাসা ছাত্রসহ তিনজনের লাশ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর চাটখিল, কবিরহাট ও সদর উপজেলা থেকে মাদ্রাসা ছাত্রসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলো মাদ্রাসার ছাত্র মেহরাজ হোসেন (৭) এবং গৃহবধূ আকলিমা আক্তার কাকুলি (২৫) ও সামছুন নাহার সাকি (৩৫)। জানা গেছে, শনিবার রাতে গৃহবধূ কাকুলিকে চাটখিলে স্বামীর বাড়িতে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়ার পর রবিবার ভোররাতে পুলিশ লাশ উদ্ধার করে। এদিকে কবিরহাটে সামছুন নাহার সাকি স্বামীর সঙ্গে ঝগড়া করে শনিবার কীটনাশক পান করে। পরদিন তার মৃত্যু হয়। অপরদিকে বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসা ছুটির পর বাড়ি আসার পথে নিখোঁজ হয় মাদ্রাসা ছাত্র মেহরাজ হোসেন। শনিবার সন্ধ্যায় সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের শাহাজাদপুর গ্রামের একটি পরিত্যক্ত জমির পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।