নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
রবিবার সকালে নাসিরনগরে পাওনা টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ শতাধিক লোক আহত হয়েছেন। খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৮২ রাউন্ড শটগানের ফাঁকা গুলি নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার বিকালে নাসিরনগর বাজারের ব্যবসায়ী ও আশুরাইল গ্রামের শামসু এবং কাজল মিয়ার মধ্যে পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। এর জের ধরে পরদিন আশুরাইল গ্রামে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দু’ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে পুলিশের এসআই আবু বক্কর, রবিউল ইসলাম, শামীম ও পাঁচ কনস্টেবলসহ উভয়পক্ষের শতাধিক লোক আহত হন। নাসিরনগর থানার ওসি (তদন্ত) মো. কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।