কোনো অপশক্তি যেন ভোটের পরিবেশ নষ্ট করতে না পারে ---------- মোহাম্মদ নাসিম

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, গ্রামে-গঞ্জে নির্বাচনী উত্সব শুরু হয়েছে এবং নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। নির্বাচনে নৌকার কোনো বিকল্প নেই। শান্তি এবং উন্নয়নের জন্য জনগণ আবারও নৌকায় ভোট দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। কোনো অপশক্তি যেন ভোটের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে না পারে সেজন্য তিনি জনগণকে সজাগ থাকার আহ্বান জানান।

গতকাল বৃহস্পতিবার বিকালে সিরাজগঞ্জ জেলার কাজিপুরের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন শেষে হরিনাথপুর আমিনা মনসুর ডিগ্রি কলেজে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল রাজনৈতিক দলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, নির্বাচনী ডামাঢোল বেজে উঠেছে। জনগণও নির্বাচনমুখী। সরকার দেশে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে অঙ্গীকারাবদ্ধ। তবে নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ রক্ষার দায়িত্ব সরকারের একার নয়। জনগণকেও এগিয়ে আসতে হবে। কোনোভাবেই নির্বাচনের পরিবেশ  বিঘ্নিত করা যাবে না।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে সরকার গত ১০ বছরে যে উন্নয়ন করেছে তা অভূতপূর্ব উন্নয়ন। এদেশের মানুষ জ্বালাও পোড়াও রাজনীতি প্রত্যাখ্যান করেছে। যারা জ্বালাও পোড়াও রাজনীতি করে সেই দলকে মানুষ আর ভোট দেবে না। তিনি আরো বলেন, নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হবে। এ নির্বাচনে জনগণ যাদের রায় দেবে, তারাই পরবর্তী সরকার গঠন করবেন। আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দল জনগণের রায় মেনে নেবে। তিনি বলেন, মালয়েশিয়াসহ ভারতেও ক্ষমতাসীন দলের অধীনেই নির্বাচন হয়। বাংলাদেশেও সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে। নির্বাচন ছাড়া ক্ষমতার পালা বদলের কোনো সুযোগ নেই।

মতবিনিময় সভায় সাবেক এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়, কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেনসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। মন্ত্রীর অনুষ্ঠানে কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।

আমজাদ হোসেনকে বিদেশে নিতে

সহযোগিতা করবে সরকার

প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেনের উন্নত চিকিত্সার জন্য বিদেশে নিতে সব ধরনের সহযোগিতা করবে সরকার। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বুধবার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ইমপালস হাসপাতালে চিকিত্সাধীন আমজাদ হোসেনকে দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমজাদ হোসেনের অবস্থা শুরুতে অত্যন্ত শঙ্কাপূর্ণ ছিল। এখন কিছুটা উন্নতি হয়েছে। তাকে উন্নত চিকিত্সার জন্য বিদেশে এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া সম্ভব হবে। আর এক্ষেত্রে তার চিকিত্সার সব দায়িত্ব সরকার বহন করবে।