হূদরোগ নিয়ন্ত্রণ করতে পাল্টাতে হবে খাদ্যাভ্যাস

সেমিনারে ডা. বিমল ছাজেড়

চট্টগ্রাম অফিস

চিকিত্সকরা অন্যান্য রোগের মতো হূদরোগের চিকিত্সা দিচ্ছেন। হূদরোগ ধরা পড়লে রোগীকে ওষুধ প্রেসক্রাইব করে দায় সারছেন। অবস্থা খারাপ হলে রিং পরানো কিংবা বাইপাস সার্জারির পরামর্শ দিচ্ছেন অথচ এ রোগ নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত হাঁটা, ব্যায়াম, খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। কথাগুলো বলছিলেন ভারতের হূদরোগ বিশেষজ্ঞ ডা. বিমল ছাজেড়। গত শুক্রবার সকালে দুই দিনব্যাপী জাতীয় সাওল হার্ট সেন্টার সেমিনারে তিনি একথা বলেন।

সাওল হার্ট সেন্টার চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে এলজিইডি মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হচ্ছে। ডা. বিমল ছাজেড় বলেন, হূদরোগ চিকিত্সকদের উদ্দেশ্য হয়ে গেছে, রোগীকে কেবল চিকিত্সা দেওয়া। মানুষকে রোগ থেকে দূরে রাখার কাজটি তারা করছেন না। ফলে প্রতিনিয়ত রোগী বাড়ছে। বড় বড় হাসপাতাল হচ্ছে। এটি চিকিত্সা বিজ্ঞানের ব্যর্থতা। যদি মানুষকে রোগের কারণ জানানো হতো, তাহলে রোগীরা সেটি মেনে চলতো, রোগীর সংখ্যা কমতো। আর সেটিই হতো চিকিত্সা বিজ্ঞানের সফলতা। কাটা-ছেঁড়া না করে কীভাবে হূদরোগ নিয়ন্ত্রণে রাখা যায় রোগীকে আগে সেটি জানাতে হবে।

সেমিনার উদ্বোধন করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান। বক্তব্য দেন সাওল হার্ট সেন্টার বাংলাদেশের চেয়ারম্যান মোহন রায়হান, মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র চট্টগ্রামের চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমান, বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. বদিউল আলম বাদল, সাওল হার্ট সেন্টার চট্টগ্রামের কনসালটেন্ট ডা. মাহমুদুল হক চৌধুরী প্রমুখ।