চট্টগ্রাম অফিস
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী চট্টগ্রাম অঞ্চলের সপ্তাহব্যাপী সমরাস্ত্র প্রদর্শনী গতকাল রবিবার শুরু হয়েছে। চট্টগ্রাম সেনানিবাসস্থ সেনানিবাস উচ্চ বিদ্যালয় মাঠে প্রদর্শনী উদ্বোধন করেন জিওসি ২৪ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া মেজর জেনারেল এসএম মতিউর রহমান। প্রদর্শনী আগামী ৩১ মার্চ পর্যন্ত প্রতিদিন বিকাল ৩টা হতে সাড়ে ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এছাড়া ২৯ ও ৩০ মার্চ সাপ্তাহিক ছুটির দিনে সকাল ১০টা হতে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।
উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক চট্টগ্রাম অঞ্চলে এ বছরই প্রথমবারের মতো সমরাস্ত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীতে ১৪টি স্টল স্থাপন করা হয়েছে। স্টলগুলোতে সাঁজোয়া যান, কামান, বিমান বিধ্বংসী কামান ও মিসাইলসহ সেনাবাহিনীর বিভিন্ন অত্যাধুনিক সমরাস্ত্র প্রদর্শন করা হচ্ছে। এছাড়াও মুক্তিযুদ্ধের ইতিহাস, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সেনাবাহিনীর অবদান, দুর্যোগ ব্যবস্থাপনা ও দেশ গঠনে সেনাবাহিনীর ভূমিকা, পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর কার্যক্রম ও পর্যটন শিল্প বিকাশে সেনাবাহিনীর নানাবিধ কার্যক্রম সম্পর্কিত স্টল রাখা হয়েছে। প্রদর্শনীকে আরো আকর্ষণীয় করার লক্ষ্যে খেতাবপ্রাপ্ত বিশিষ্ট মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণের ব্যবস্থা রাখা হয়েছে। সমরাস্ত্র প্রদর্শনীটি নির্ধারিত দিনে সেনানিবাসস্থ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।