স্বাধীন ভারতে কলকাতার প্রথম মুসলিম মেয়র হচ্ছেন ফিরহাদ হাকিম

লোকসভা নির্বাচনের আগে চমক ছিলেন মমতা ব্যার্নাজী। স্বাধীন ভারতে কলকাতার প্রথম মুসলিম মেয়র হচ্ছেন ফিরহাদ হাকিম। তিনি শোভন চট্টোপাধ্যায়ের স্থলাভিযিক্ত হবেন। ডেপুটি মেয়র হচ্ছেন অতিন ঘোষ। তিনি ইকবাল আহমেদের স্থলাভিষিক্ত হবেন। ফিরহাদ পশ্চিমবঙ্গের পৌর ও নগরোন্নয়ন দপ্তরে পাশাপাশি শোভনের ছেড়ে যাওয়া আবাসন দপ্তরের দায়িত্বও সামলাবেন।

বান্ধবীর প্রেমে হাবুডুবু খাওয়া শোভনকে গত মঙ্গলবারই আবাসন, দমকল মন্ত্রীর পদের পাশাপাশি কলকাতার মেয়র পদ ছাড়ার নির্দেশ দেন মমতা। সেই মতো মঙ্গলবার মন্ত্রিত্ব, বৃহস্পতিবার মেয়র পদে ইস্তফা দেন শোভন। তারপরই মমতা কলকাতার মেয়র পদে ফিরহাদের নাম ঘোষণা। ফিরহাদ কাউন্সিলর নন। তাকে মেয়র করতে জনপ্রতিনিধি আইনের সংশোধন করাচ্ছেন মমতা। শোভন জানিয়েছেন, ফিরহাদকে সব রকম সহায়তা করবেন তিনি।

কয়েক মাস পরেই ভারতে লোকসভা ভোট। সেদিক থেকে দেখতে গেলে গোটা পশ্চিমবঙ্গের মুসলিম ভোট ব্যাংক আরো মজবুত করলেন মমতা। প্রাক স্বাধীনতা পর্যায়ে আবুল কাসেম ফজলুল হক (১৯৩৫-৩৬), আব্দুর রহমান সিদ্দিকি (১৯৪০-১৯৪১), সৈয়দ বদরুদ্দোজ্জা (১৯৪৩-৪৪), সৈয়দ মহম্মদ উসমানের (১৯৪৬-৪৭) মতো মুসলিম নেতারা কলকাতার মেয়র হলেও স্বাধীনতার পর এই প্রথম মুসলিম কেউ কলকাতার মেয়র হচ্ছেন।