শিক্ষক এমপিওভুক্তির আন্দোলন এক মাস স্থগিত

শিক্ষামন্ত্রীর আশ্বাসে এক মাসের জন্য আন্দোলন স্থগিত করেছেন ননএমপিও শিক্ষকরা। গতকাল রবিবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ ঘোষণা দেন ননএমপিও শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহামুদুন্নবী ডলার।

শিক্ষক নেতারা জানান, আজ সোমবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী ও শিক্ষাসচিবের সাথে শিক্ষক প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে।

এমপিওভুক্তির দাবিতে গত বুধবার থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। আন্দোলনের পঞ্চম দিন গতকাল বিকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা সচিব সোহরাব হোসাইন প্রেসক্লাবের সামনে উপস্থিত হয়ে শিক্ষকদের আশ্বস্ত করেন।

দীপু মনি বলেন, আমি আপনাদের কষ্টের বিষয়টা জানি। এমপিওভুক্তি ছাড়া আপনারা কীভাবে জীবন যাপন করেন, সে খবরও আমার কাছে রয়েছে। নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ কার্যক্রম শুরু করা হয়েছে। এই কার্যক্রম বাস্তবায়নও শুরু হবে।

মন্ত্রী বলেন, আমরা ইতোমধ্যে আবেদন গ্রহণ কার্যক্রম শেষ করেছি। যেহেতু শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও কার্যক্রম অর্থসংশ্লিষ্ট বিষয়, তাই এটি বাস্তবায়নে নানা প্রক্রিয়া প্রয়োজন রয়েছে। এ কারণে কিছুটা সময় নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওকরণ বিষয়ে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার রয়েছে। আমি ইতোমধ্যে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর সাথে কথা বলেছি। আগামী অর্থবছরে এমপিওভুক্তকরণে নতুন অর্থ বরাদ্দ দেওয়া হবে বলে জানানো হয়েছে। আপনারা বাড়ি ফিরে যান। খোলা আকাশের নিচে রোদের মধ্যে দাঁড়িয়ে আর কষ্ট করবেন না। আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব, যাতে আপনাদের কষ্ট দূর করা সম্ভব হয়।

শিক্ষামন্ত্রীর বক্তব্যের পর নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় নেতারা বৈঠকে বসেন এবং শিক্ষামন্ত্রীর প্রতি আস্থা রেখে কর্মসূচি প্রত্যাহার করার সিদ্ধান্ত নেন। শিক্ষক নেতৃবৃন্দ আগামী এক মাসের মধ্যে দাবি আদায় না হলে কঠোর আন্দোলনে নামার ঘোষণা দেন।