যুক্তরাষ্ট্রে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ এবং ট্রাম্পের যোগসাজস নিয়ে করা তদন্ত রিপোর্টের বিস্তারিত জানতে চান আইনপ্রণেতারা। তারা দ্রুত এই প্রতিবেদন প্রকাশের দাবি জানালেও শনিবার সেটি প্রকাশ করেননি মার্কিন অ্যাটর্নি জেনারেল। স্থানীয় সময় রবিবার প্রতিবেদনের সংক্ষিপ্ত অংশ প্রকাশ করা হতে পারে বলে একটি সূত্র জানিয়েছে। খবর রয়টার্সের
মার্কিন বিচার বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, শনিবার প্রতিবেদনটি পড়তে ৯ ঘন্টা সময় দিয়েছেন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার। দীর্ঘ ২২ মাসের তদন্ত শেষে শুক্রবার স্পেশাল কাউন্সেলের প্রধান রবার্ট মুলার অ্যাটর্নি জেনারেলের কাছে প্রতিবেদন হস্তান্তর করেন। অ্যাটর্নি জেনারেল বলেছিলেন, তিনি কংগ্রেসের কাছে রিপোর্টের সংক্ষিপ্ত অংশ সপ্তাহের শেষ দিকে উপস্থাপন করবেন। ট্রাম্প প্রশাসনের জন্য সুখবর হচ্ছে, প্রেসিডেন্ট ট্রাম্প কিংবা তার সহযোগীদের মধ্যে নতুন কারো বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়নি। তবে প্রেসিডেন্ট ট্রাম্প তদন্ত কাজে বাধা দিয়েছিলেন কিনা এবং তা নিয়ে আরেকটি তদন্ত করা যায় কিনা সেই বিষয়ে রিপোর্টে কিছু থাকার বিষয়ে জানা যায়নি। অনেকের ধারণা, ২০১৭ সালে তত্কালীন এফবিআই প্রধান জেমস কোমিকে বরখাস্ত করে বিচার কাজে বাধা দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প।