কেন্দ্র দখল, বিভিন্ন স্থানে সংঘর্ষ, পুলিশ গুলিবিদ্ধ

বিক্ষিপ্ত সংঘর্ষ, কেন্দ্র দখলের চেষ্টা, ভাঙচুর এবং গুলিবর্ষণের মধ্যদিয়ে তৃতীয় ধাপের ১১৭টি উপজেলায় ভোটগ্রহণ গতকাল অনুষ্ঠিত হয়েছে। আগের দুই ধাপের মতো তৃতীয় ধাপেও ভোটার উপস্থিতি ছিল বেশ কম। বিভিন্ন ভোটকেন্দ্রে গোলাগুলি ও সংঘর্ষে শতাধিক আহত হয়েছেন। কুষ্টিয়ার মিরপুরে গতকাল রাতে নৌকার বিজয় মিছিলে উজ্জল প্রামাণিক (৩৫) নামে এক যুবলীগ কর্মীর মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে তার মৃত্যুর কারণ জানা যায়নি।

চট্টগ্রামের চন্দনাইশে ভোট জালিয়াতি রুখতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন এক পুলিশ কনস্টেবল। আগের রাতে ব্যালট ভরিয়ে ফেলার অভিযোগে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পুরো ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোট অনিয়মে সম্পৃক্ততার অভিযোগে জেলার  অতিরিক্ত পুলিশ সুপার এবং ওসিকে প্রত্যাহারের ঘটনা ঘটেছে। ভোট অনিয়মের কারণে একাধিক জায়গায় প্রার্থীরা ভোট বর্জন করেছেন। ইসিতে পাঠানো প্রতিবেদন অনুযায়ী, রাতেই ব্যালটে সিল মারাসহ নানা অনিয়মে কটিয়াদি উপজেলা ছাড়াও সারা দেশের ১৪ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা জানান, ব্যাপক অনিয়মের অভিযোগে কটিয়াদী উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে। জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. তাজুল ইসলাম জানান, অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম ও কটিয়াদী মডেল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীনকে প্রত্যাহার  করা হয়েছে।

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা জানান, উপজেলায় জাল ভোট দিতে বাধা দেওয়ায় আব্দুল্লাহ আল মাসুম নামে এক প্রিজাইডিং অফিসারকে মারধর করেছে দুর্বৃত্তরা। মাসুম জানান, রায়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান ও তার ছেলেসহ ২০/২৫ জনের একটা গ্রুপ এসে জাল ভোট দিতে চায়। এসময় বাধা দেওয়ায় তারা আমাকে মারধর করে। এ সময় একজনকে আটক করা হয়।

কক্সবাজার প্রতিনিধি জানান, পেকুয়ার মগনামায় ইউনিয়নের দক্ষিণ মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এলাকায় গুলিতে চারজন আহত হয়েছে। এরা হলেন- আবুল হোছেন, ছাদেক, বদি, রমিজ। তারা একই এলাকার বাসিন্দা। অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। উখিয়া উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করেন তিনজন ভাইস চেয়ারম্যান প্রার্থী। তারা হলেন- মাহবুব আলম মাহাবু, এ.আর. জিহান চৌধুরী ও মো. রাসেল। অপরদিকে, রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ধোয়াপালং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এলাকায় ভোট দিতে আসার কালে হেলমেট পরা কয়েকজন তরুণ ভোট দিতে আসা ভোটারদের ওপর হামলা চালিয়েছে। এতে চারজন আহত হয়েছে।  স্থানীয় বিক্ষুব্ধ জনতা ধাওয়া করে হামলাকারীদের একজন তরুণকে আটক করে।

চট্টগ্রাম অফিস ও চন্দনাইশ সংবাদদাতা জানান, চন্দনাইশ উপজেলায় একটি ভোট কেন্দ্র দখলের চেষ্টার সময় পুলিশের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে। কেন্দ্র দখল করতে আসা লোকজনদের ছোড়া গুলিতে পুলিশ কনস্টেবল ফরহাদ হোসেন আহত হয়েছেন। কেন্দ্র দখলের চেষ্টাকারীরা আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী একেএম নাজিম উদ্দীনের সমর্থক। গতকাল পূর্ব চন্দনাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। এসময় শাহ আলম নামে পুলিশের একজন এসআই ইটের আঘাতে আহত হয়েছে। চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আফরুজুল হক টুটুল এ তথ্য জানান।

কালিয়া (নড়াইল) সংবাদদাতা জানান, কালিয়ার নোয়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন-শৃঙ্খলা বাহিনী ৯ রাউন্ড ফাঁকা গুলি করে।

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা জানান, বড়াইগ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১২ জন আহত হয়েছে। শনিবার রাত ৯টার দিকে বড়াইগ্রাম পৌরসভার জলন্দা চান্দুর মোড়ে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশ জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম জোয়াদ্দারসহ বেশ কয়েকজন গ্রেফতার হয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান,  অনিয়মের অভিযোগ এনে ভোলাহাট উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন দুই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী। এরা হলেন- আনোয়ারুল ইসলাম ও বাবর আলী বিশ্বাস।

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন পাঁচ ধাপে সম্পন্ন করছে নির্বাচন কমিশন। গত ১০ মার্চ প্রথম ধাপে, ১৮ মার্চ দ্বিতীয় ধাপে, গতকাল রবিবার তৃতীয় ধাপে, আগামী ৩১ মার্চ চতুর্থ ধাপের এবং ১৮ জুন পঞ্চম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।