আড়াইহাজারের সফল মত্স্য চাষি ফরহাদ

আড়াইহাজারের সফল মত্স্য চাষি মোঃ ফরহাদ হোসেন। কঠোর পরিশ্রমই তার সাফল্যের মূলমন্ত্র। ফরহাদের মতে, যে কোনো উদ্যোগই জেনে বুঝে করলে সাফল্য আসবেই। তবে উদ্যোগ সফল করার পথে অনেক প্রতিকূলতা মোকাবিলা করতে হয়। মাছ চাষে সাফল্য পাওয়া ফরহাদের পথ অনুসরণ করে আজ গ্রামের অনেক যুবকই স্বাবলম্বী। উপজেলার উচিতপুরা ইউনিয়নের সিরাজুল ইসলাম মোল্লার ছেলে ফরহাদ হোসেন মাছ চাষ করে সংসারে এনেছেন সচ্ছলতা।

ফরহাদ জানান, ২৫০ শতাংশ জমির উপর ৪টি পুকুর খনন করে তিনি মাছের চাষ করে আসছেন। তার পুকুরে পাঙ্গাস, রুই, কাতল, তেলাপিয়া, শিং ও মাগুর মাছ রয়েছে। বছরে তিনি একবার মাছ বিক্রি করে থাকেন। বিক্রি করেন ২০ লাখ থেকে ২৫ লাখ টাকার মাছ। এর মধ্যে ৭/৮ লাখ টাকা লাভ থাকে তার।  লক্ষণীয় বিষয় হচ্ছে, তার খামারে কোনো কর্মচারী নেই। সব কাজ তিনি একাই করে থাকেন। ফলে খামার পরিচালনায় তার খরচও কম হয়। স্থানীয়রা জানান, ফরহাদের দেখাদেখি ওই এলাকার অনেক মানুষ পুকুরে মাছ চাষ শুরু করেছেন। উপজেলা সহকারী মত্স্য অফিসার মোঃ আলমগীর হোসেন জানান, ফরহাদ একজন সফল মত্স্য চাষি। আমরা তাকে সব ধরনের সহযোগিতা করে থাকি।