বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ের বৈঠক ১ এপ্রিল

বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ের বৈঠক আগামী ১ এপ্রিল অনুষ্ঠিত হবে। বৈঠকে এই দুই দেশের মধ্যেকার আন্তঃসীমান্ত নিরাপত্তা, সীমান্তে পাচার ও সীমান্ত ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা হবে। এটা হবে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে সপ্তম বৈঠক। অনুষ্ঠিতব্য বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও ভারতের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। 

বৈঠকে যোগ দিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিন দিনের সরকারি সফরে আগামী ৩১ মার্চ নয়াদিল্লিতে পৌঁছাবেন। তিনি ২ এপ্রিল ঢাকায় ফিরবেন বলে আশা করা হচ্ছে। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ের ষষ্ঠ বৈঠক গত বছরের অক্টোবরে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। সে সময় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশ সফরে এসেছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক অন্য আরেকটি সূত্র জানিয়েছে, ১১ এপ্রিল থেকে ভারতের সাধারণ নির্বাচন শুরুর আগের এই বৈঠকে তারা বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ, তাদের প্রত্যাবর্তন, ভিসা ইস্যুর ক্ষেত্রে সীমাবদ্ধতা (জরুরি প্রয়োজন ব্যতীত) ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করতে পারেন।