রাজধানীর কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার

রাজধানীর কূটনৈতিক এলাকাসহ কয়েকটি এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জঙ্গি হামলার আশঙ্কা আছে এমন তথ্যে নেওয়া হয়েছে এই ব্যবস্থা। গোয়েন্দাদের কাছে এই ধরনের তথ্য রয়েছে বলে জানা গেছে।

পুলিশের ডিপ্লোমেটিক সিকিউরিটি জোনের উপ-কমিশনার হায়াতুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, ‘আমরা একটু সিকিউরিটি টাইট করছি। সামনে ২৬ মার্চ, স্বাধীনতা দিবস। এছাড়া আমরা এমনিতেই মাঝে মধ্যে সিকিউরিটি টাইট করি, একটু বেশি এলার্ট থাকি। এটা নিয়মিত কাজের অংশ। আমরা এলার্ট আছি। আতঙ্কিত হওয়ার কিছু নেই।’

আইন- শৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, নব্য জেএমবির একটি গ্রুপ ঢাকা বা এর বাইরে কোনো একটি চার্চ বা কোথাও হামলা করতে পারে বলে তথ্য পাওয়া গেছে। এ কারণে আইন- শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।

সূত্র জানায়, কয়েকদিন আগে আবু মোহাম্মদ আল বাঙালি নামে এক নব্য জেএমবির শীর্ষ নেতা আইন- শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ তাদের ভাষায় কাফেরদের ওপর হামলা চালানোর আহ্বান জানায়। প্রয়োজনে গাড়ি চাপার মাধ্যমেও হামলা চালানোর হুমকি দেওয়া হয়।