অবশেষে পিক্সেল ও পিক্সেল এক্সএল উন্মোচন গুগলের

অবশেষে 'পিক্সেল' ও 'পিক্সেল এক্সএল' নামের বহুল প্রতীক্ষিত অ্যান্ড্রয়েড স্মার্টফোন দুটি উন্মোচন করেছে গুগল। অ্যাপলের আইফোনকে টেক্কা দিতে ফোন দুটি এনেছে মার্কিন টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি।
 
তথ্য ফাঁসকারীদের কল্যাণে উন্মোচনের আগেই ডিভাইস দুটির দাম ছাড়া বাদবাকি পুরোটাই জেনে গিয়েছিল গোটা বিশ্ব।
 
নেক্সাস সিরিজকে বিদায় জানিয়ে প্রিমিয়াম স্মার্টফোন সেগমেন্টে নতুন ফোন দু’টি উন্মোচন করেছে গুগল। এর মধ্যে পিক্সেলে ৫ ইঞ্চির ও পিক্সেল এক্সএল-তে ৫.৫ ইঞ্চির অ্যামোলিড স্ক্রিন রয়েছে। এছাড়া ফোন দু’টির বাকি সবই এক ধরনের।
 
দুটি ডিভাইসেই রয়েছে স্ন্যাপড্রাগনের সর্বশেষ ৮২১ চিপসেট। ‌যার দু’টি কোর ১.৬ গিগাহার্টজ ও বাকি দু’টি কোর ২.১৫ গিগাহার্টজে ক্লক করা। সঙ্গে ৪ জিবি ডিডিআর৪ র্যা ম। ১২.৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, যার অ্যাপারচার এফ/২.০, সঙ্গে সনির সেন্সর। ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেলের। 
 
দুটি ফোনেই থাকছে অ্যান্ড্রয়েড ৭.১ নাগোট অপারেটিং সিস্টেম, গুগলের নতুন মেসেজিং অ্যাপ এল্লো ও ভিডিও মেসেজিং অ্যাপ ডুয়ো।
 
তবে পিক্সেলে রয়েছে ২৭৭০ এমএএইচ ব্যাটারি, আর পিক্সেল এক্সএল-তে রয়েছে ৩৪৫০ এমএএইচ ব্যাটারি।
 
পিক্সেল দু’টি স্টোরেজ সংস্করণে উন্মোচন করেছে গুগল, ৩২ জিবি ও ১২৮ জিবি। 
 
মোট তিনটি রঙে পাওয়া ‌যাবে পিক্সেল ও পিক্সেল এক্সএল। ভেরি সিলভার, কোয়াইট ব্ল্যাক ও রিয়েলি ব্লু।
 
মার্কিন ‌যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশে ইতোমধ্যে পিক্সেলের বুকিং শুরু করে দিয়েছে গুগল। বিকাশমান বাজারেও খুব শিগগিরই আসবে ফোন দুটি।
 
ইত্তেফাক/এএম