নিউজিল্যান্ডে ২৯ মার্চ জাতীয় স্মরণসভা

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে শ্বেতাঙ্গ জঙ্গির বন্দুক হামলায় হতাহতদের স্মরণে আগামী ২৯ মার্চ শুক্রবার জাতীয় স্মরণসভা করবে সরকার। গতকাল এই ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন। প্রধানমন্ত্রী আর্ডেন এক বিবৃতিতে বলেছেন, সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে ক্যান্টাব্রিয়ানস (ক্রাইস্টচার্চের অধিবাসীরা), নিউজিল্যান্ডারস ও সারা বিশ্বের সব মানুষকে একত্রিত করার একটি সুযোগ জাতীয় স্মরণসভা। হেগলি পার্কে স্মরণসভা অনুষ্ঠিত হবে।

এদিকে গতকাল প্রদীপ প্রজ্বালন করে হতাহতদের স্মরণ করেছে এবং একইসঙ্গে বর্ণবাদবিরোধী প্রতিবাদ করেছে নিউজিল্যান্ডবাসী। গতকাল বিভিন্ন শহরে এই প্রতিবাদ হয়েছে। ক্রাইস্টচার্চের একটি পার্কের কর্মসূচিতে প্রায় ১৫ হাজার মানুষ অংশ নেন। অন্যদিকে প্রধানমন্ত্রী আর্ডেনকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করতে অনলাইনে দুটি পিটিশন চালু হয়েছে। চারদিন আগে চেঞ্জ ডট ওআরজিতে চালু হওয়া পিটিশনটিতে ৩ হাজারের বেশি স্বাক্ষর সংগ্রহ হয়েছে। আর ফরাসি ওয়েবসাইট আভাজ ডট ওআরজিতে ১ হাজারের সামান্য বেশি স্বাক্ষর সংগ্রহ হয়েছে। -রয়টার্স ও নিউজিল্যান্ড হেরাল্ড