দক্ষিণ চীন সাগরে ইন্দোনেশিয়ার বিমানবাহিনীর মহড়া

ইন্দোনেশিয়ার বিমান বাহিনী দক্ষিণ চীন সাগরের দ্বীপপুঞ্জের কাছে তাদের সবচেয়ে বড় সামরিক মহড়া চালাচ্ছে। সাগরে গ্যাসসমৃদ্ধ এলাকার ওপর সার্বভৌমত্ব প্রদর্শন করতে তারা এই মহড়া চালাচ্ছে। উল্লেখ্য, ওই এলাকাটি দক্ষিণ চীন সাগরে চীনের দাবীকৃত অঞ্চলের প্রান্তে অবস্থিত।
 
ইন্দোনেশিয়ার বিমান বাহিনীর মুখপাত্র জেমি ত্রিসনজায়া বলেন, ‘আমরা এই এলাকায় আমাদের অস্তিত্ব দেখাতে চাই। আমাদের একটি যথেষ্ট ভালো বিমান বাহিনী আছে।’ ওই মুখপাত্র আরো জানান, দুই হাজারেরও বেশি বিমান বাহিনীর সদস্য দুই সপ্তাহব্যাপী মহড়াটিতে অংশ নিচ্ছেন। এই মহড়ায় রাশিয়ার কাছ থেকে কেনা ‘সুখই’ এবং এফ-১৬ যুদ্ধবিমানগুলো মোতায়েন করার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।
 
প্রসঙ্গত, গত কয়েক বছর ইন্দোনেশিয়ার নৌবাহিনী এবং চীনা ফিশিং বোটগুলো পরস্পরের মুখোমুখি হয়েছে। এরকম প্রেক্ষাপটে চলতি বছরের জুনে ইন্দোনেশীয় প্রেসিডেন্ট জোকো উইদোদো নতুনা দ্বীপপুঞ্জের কাছে মাছ ধরা, তেল উত্তোলন এবং সামরিক সুবিধাদির বিষয়ে একটি নজিরবিহীন তৎপরতা শুরু করেন। সূত্র: রয়টার্স
ইত্তেফাক/এমএএস