নির্যাতন যন্ত্র রফতানির আইন কঠোর করছে ইইউ

ইউরোপীয় পার্লামেন্ট ওই অঞ্চল থেকে নির্যাতনের যন্ত্রপাতি অন্যত্র রফতানির ওপর আইন আরো কঠোর করার এক প্রস্তাবে সায় দিয়েছে। স্ট্রাসবুর্গে এক ভোটে ইউরোপের নির্যাতন-বিরোধী আইন-২০০৫ এর দুর্বলতাগুলো সংশোধনের প্রস্তাব আনা হয়। ইউরোপের সরকারগুলো এই প্রস্তাবকে সমর্থন করছে।
 
নির্যাতন যন্ত্র রফতানির ওপর নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে ইলেকট্রিক শক দেওয়ার যন্ত্র, নানা ধরনের শেকল এবং হাতে ব্যথা লাগে এমন হাতকড়া। নতুন আইনে প্রাণদণ্ডে ব্যবহৃত রাসায়নিক ওষুধ এবং নির্যাতনের ওপর প্রশিক্ষণ দেওয়াও নিষিদ্ধ করা হয়েছে। এমনকি নির্মাতারা এসব যন্ত্রপাতির ওপর কোনো বিজ্ঞাপনও প্রচার করতে পারবেন না।
 
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, মানুষের ওপর নির্যাতন চালানোর সরঞ্জামের একটি বড় ধরনের বাজার রয়েছে। ইউরোপে এখন আইন কঠোর হওয়ার ফলে এই ‘লজ্জাজনক ব্যবসা’ বন্ধে আরো একধাপ অগ্রগতি হলো বলে সংস্থাটি বলছে। -বিবিসি
 
ইত্তেফাক/এমএএস