অধস্তন আদালতের বিচারকদের পদোন্নতির ক্ষেত্রে বিচারিক কাজের অভিজ্ঞতার শর্ত শিথিল করা হয়েছে। গতকাল সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী অতিরিক্ত জেলা জজ থেকে জেলা জজ পদে পদোন্নতির ক্ষেত্রে এক বছরের বিচারিক অভিজ্ঞতা থাকার কথা বলা হয়েছে। আর যুগ্ম জেলা জজ থেকে অতিরিক্ত জেলা জজ এবং সিনিয়র সহকারী জজ থেকে যুগ্ম জেলা জজ পদে পদোন্নতি পেতে হলে একজন বিচারকের ছয় মাসের বিচারিক অভিজ্ঞতা থাকতে হবে। এরআগে এই দুই পদে পদোন্নতি পেতে হলে একজন বিচারকের দুই বছরের বিচারিক অভিজ্ঞতা থাকতে হতো। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে ফুলকোর্ট সভায় হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ উপস্থিত ছিলেন।
এদিকে ফুলকোর্ট সভায় ১২৫ জন সহকারী জজ পদমর্যাদার বিচার বিভাগীয় কর্মকর্তাকে সিনিয়র সহকারী জজ পদে পদোন্নতির বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া পাঁচজন বিচার বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে চলমান বিভাগীয় মামলা নিষ্পত্তির বিষয়ে সিদ্ধান্ত হয়। বর্তমানে জেলা জজ হতে বিচারিক সার্ভিসে ১৫ বছরের অভিজ্ঞতার শর্ত পূরণ করতে হয়। অনেক বিচারক দীর্ঘ সময় প্রেষণে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে দায়িত্ব পালন করেন। ফলে অনেকেরই এই শর্ত পূরণ হয় না। তাই এ শর্ত শিথিল করা হয়েছে। এখন থেকে ১৩ বছরের বিচারিক অভিজ্ঞতা থাকলেই হবে।