স্যামস্যাং নোট সেভেন বন্ধ করে রাখার জন্য অনুরোধ করেছে খোদ মালিকানা প্রতিষ্ঠান স্যামসাং। দক্ষিণ কোরিয়ার এই প্রতিষ্ঠানটি গ্রাহকদের উদ্দেশ্য করে বলে, আমাদের অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত আপনারা ফোন চালু রাখবেন না। এছাড়া মোবাইল বিক্রি রাখার ঘোষণাও দিয়েছে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি ব্যাটারিতে ত্রুটির কারণে গ্যালাক্সি নোট সেভেন মোবাইল সেটটিতে আগুন ধরে যাবার বেশ কয়েকটি ঘটনার প্রেক্ষাপটে এমন সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটি। দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা বিষয়ক কর্তৃপক্ষ বলছে, তারা সম্ভাব্য নতুন একটি ত্রুটির ব্যপারে জানতে পেরেছেন। এখন সেটি খতিয়ে দেখা হচ্ছে।
সমস্যা চিহ্নিত করার আগ পর্যন্ত গ্যালাক্সি নোট সেভেন ব্যবহারকারী সকলকে সেটটির ব্যবহার তড়িৎ বন্ধ করে, স্যামসাং এর কাছ থেকে মূল্য ফেরত নেবার পরামর্শ দেয়া হয়েছে। অথবা চাইলে এই ব্রান্ডেরই অন্যকোন ফোন বদলে নিতে পারবেন তারা।
গত মাস থেকে ব্যাটারির সমস্যা নিয়ে অভিযোগ ওঠার পর থেকে, দক্ষিণ কোরিয়ার পুঁজি বাজারে প্রতিষ্ঠানটির শেয়ারের মূল্য পাঁচ শতাংশের বেশি কমে গেছে।
আর এর ফলে মূলত লাভবান হচ্ছে প্রতিপক্ষ মোবাইল ফোন কোম্পানি এ্যাপল। স্যামসাং এই মূহূর্তে বিশ্বের সর্ববৃহৎ মোবাইল সেট উৎপাদনকারী প্রতিষ্ঠান।
কেনটাকির এক বাসিন্দা জানান, একবার ধোঁয়ার কারণে তার ঘুম ভেঙে যায়। জেগে উঠে দেখেন স্যামস্যাং নোট-সেভেন থেকেই এই ধোঁয়া বের হচ্ছিল। এর এক সপ্তাহ আগে একটি বিমানে নোট সেভেনে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটে।
বিশ্বব্যাপী এরকম আরো কয়েকটি ঘটনার জন্য এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয় স্যামস্যাং কর্তৃপক্ষ। বিবিসি
ইত্তেফাক/এমএইচ