তেরশ্রী গণহত্যা দিবস পালন

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় তেরশ্রী গণহত্যা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার ভোরবেলায় ঘিওর উপজেলার তেরশ্রী এলাকায় মুক্তিযোদ্ধা, জেলা প্রশাসন ও রাজনৈতিক নেতা-কর্মীরা এই দিবস পালন করেন। পরে নিহত শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে মুক্তিযোদ্ধা, জেলা-উপজেলা প্রশাসন, রাজনৈতিক ও নেতা-কর্মীসহ স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান।

শ্রদ্ধাঞ্জলি শেষে স্থানীয়  ইউপি চেয়ারম্যান হারুন-অর রশিদের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক এসএম ফেরদৌস, জেলা পরিষদের চেয়ারম্যান  গোলাম মহীউদ্দীন, জেলা আওয়ামী লীগের   সাধারণ সম্পাদক আব্দুস সালাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. তোবারক হোসেন লুডু, ঘিওর উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী সরকার রাখী,  জেলা জাসদের সাধারণ সম্পাদক  আফজাল হোসেন খান জকি, সমশ্বর রায় চৌধুরী প্রমুখ ।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় ২২ নভেম্বর পাকহানাদার বাহিনী তেরশ্রী গ্রামের জমিদার সিদ্ধেশ্বর  প্রসাদ রায় চৌধুরী, অধ্যক্ষ আতিয়ার রহমানসহ ৪৩ জন মুক্তিকামী মানুষকে নৃশংসভাবে আগুন দিয়ে পুড়িয়ে এবং রাইফেলের বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে। প্রতিবছর এই দিনটি স্থানীয়রা নানা আয়োজনে শ্রদ্ধার সঙ্গে পালন করে আসছেন।