‘বীরাঙ্গনা চরিত্রে অভিনয়টা চ্যালেঞ্জের ছিল’

স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে বিভিন্ন চ্যানেলে প্রচার হবে বিশেষ নাটক। ছোটপর্দার অভিনয়শিল্পীদের কিছুদিন এ নিয়ে চলে ব্যস্ততা। কারো একটি আবারো কারো একাধিক নাটক প্রচার হবে আজ। প্রতিবারের মতো এবারো স্বাধীনতা দিবসের বিশেষ নাটকে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী অপর্ণা ঘোষ। মাসুম রেজার রচনায় নাটকটি পরিচালনা করেছেন মাহমুদ দিদার। এনটিভিতে আজ দুপুর ১২টা ২০ মিনিটে প্রচার হবে ‘আজ পূরবীর দিন’ শিরোনামে এই নাটকটি। নাটকটিতে আরো অভিনয় করেছেন ওমর আয়াজ অনি, রিমি করিম, এটিএম রাসেল, মনির হোসেন, রবিন প্রমুখ। নাটকটিতে একজন বীরাঙ্গনার চরিত্রে অভিনয় করেছেন অপর্ণা। নাটকটি প্রসঙ্গে তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের সময়কার অনেক গল্পে আমি কাজ করেছি। এই কাজগুলো নিজের ক্যারিয়ারের উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে। এই নাটকটি তেমনই। বীরঙ্গনা চরিত্রে অভিনয়টা চ্যালেঞ্জের ছিল। বেশ ভালো একটি কাজ হয়েছে। আশা করি দর্শকদের ভালো লাগবে।’ নাটকটির গল্পে দেখা যাবে পূরবী আবার ফিরে এসেছে। যুদ্ধ পরবর্তী সময়ে পূরবীর আশ্রয় হয়েছিলো পূণর্বাসন কেন্দ্রে। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান যুদ্ধাহত সকল নারীদের বীরাঙ্গনা উপাধী দিয়েছিলেন। রাষ্ট্র পূরবীকেও মহান এই উপাধী দিয়েছিল, কিন্তু সমাজ যেখানে পূরবীর পরিবার মনে করতো তাকে ঘরে ফেরত নিয়ে গেলে সমাজে মুখ দেখানো যাবেনা। আর সুভাষ, যাকে পূরবী পাগলের মতো ভালোবেসেছিল! সেও মুখ ফিরিয়ে নিলো। অগ্যতা, পূরবী আরো এমন মানুষদের সঙ্গে পাড়ি জমিয়েছিলো ইউরোপের একটি দেশে। অনেক সময় পর পূরবী আবার ফিরে আসে নিজ দেশে।