বেসরকারি খাতকে আরো সহায়তার অনুরোধ বেসিস সভাপতির

 
বেসরকারি খাতকে আরো বেশি সরকারি সহায়তা প্রদানের অনুরোধ জানিয়েছেন বেসিসের বর্তমান সভাপতি মোস্তফা জব্বার। 'ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৬'-এর উদ্বোধনী অনুষ্ঠান তিনি প্রধানমন্ত্রীর প্রতি এই অনুরোধ জানান।
 
এ সময় তিনি বলেন, ‘আমি আপনার কাছে এক সময় অনুরোধ করেছিলাম, দেশের বা্ইরে থেকে কেনা কম্পিউটারের ওপর শুল্ক প্রত্যাহারের জন্য। আপনি তা করেছিলেন। আপনার কাছে আমি আবারো অনুরোধ করছি। বিদেশ থেকে কেনা কম্পিউটারের ওপর আবারো শুল্ক প্রদান করুন।
 
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আজ বুধবার থেকে শুরু হল 'ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৬' এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
 
বাংলাদেশ বেতার ও বিটিভি ওয়ার্ল্ড সরাসরি সম্প্রচার করছে অনুষ্ঠানটি। সকাল ১০টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 'ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৬' এর উদ্বোধন ঘোষণা করেন।
 
মোস্তফা জব্বার আরো বলেন, বাংলাদেশ যেন এক সময় কম্পিউটার উৎপাদন করে রফতানিও করতে পারে সেই আশা ব্যক্ত করেছিলেন প্রধানমন্ত্রী। আজ এক বছর পর আমরা বলতে পারি বাংলাদেশ কম্পিউটার উৎপাদন করতে সক্ষম হয়েছে। কিন্তু এই দেশে কাঁচামাল হিসেবে আছে মানুষ। কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ আমাদের আমদানি করতে হয়। এই যন্ত্রাংশগুলোর ওপর শুল্ক হ্রাস করার অনুরোধ জানাচ্ছি। সেই সঙ্গে বিদেশ থেকে আনা কম্পিউটারগুলোর ওপর শুল্ক আরোপের অনুরোধ জানাচ্ছি, যাতে দেশের শিল্প বিকাশ লাভ করে।
 
সেই সঙ্গে দেশের স্থানীয় সফটওয়্যার ব্যবসায়ীদের জন্য সরকারের বিভিন্ন কাজ করার সুযোগ সৃষ্টিরও অনুরোধ জানান তিনি। বাংলাদেশ ব্যাংকের হ্যাকিং প্রসঙ্গ টেনে তিনি বলেন, যদি আমাদের দেশের ছেলেদের মাধ্যমে এই কাজটি হত, তাহলে কোনভাবেই হ্যাকিং হত না বলে আমি মনে করি।
 
তিনি বলেন, এই দেশের ছেলেরা অনেক দক্ষ। কিন্তু সরকারি কাজগুলোতে এমন কিছু শর্ত দেয়া হয়, যার ফলে দেশের ব্যবসায়ীরা অনেক সময় অংশই নিতে পারে না।
 
এ দেশীয় ব্যবসায়ীদের সহায়ক এমন সরকারি প্রস্তাবনা প্রণয়নের অনুরোধ করেন তিনি।
 
উল্লেখ্য, এ বছর ১৯ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত চলবে 'ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬'। এটি সবার জন্য উন্মুক্ত থাকবে।
 
ইত্তেফাক/আরএ