একদিকে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে হারিয়ে শীর্ষস্থান ধরে রাখলো আবাহনী। তবে তাদের একা থাকতে দিচ্ছে না লিজেন্ডস অব রূপগঞ্জ। গতকাল তারাও নিজেদের ষষ্ঠ ম্যাচে পঞ্চম জয় তুলে নিয়ে আবাহনীর সমান ১০ পয়েন্টের মালিক হয়েছে। অন্য দিকে ফতুল্লায় গাজী গ্রুপ ক্রিকেটার্সকে হারিয়ে নিজেদের তৃতীয় জয় তুলে নিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
বিকেএসপিতে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে ৫ উইকেটে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। আগে ব্যাট করা খেলাঘর ২৬৪ রান করেছিলো ৩ উইকেটে। কিন্তু ৪ বল বাকি থাকতে সেই রান টপকে যায় রূপগঞ্জ।
খেলাঘরের টপ অর্ডার ভালো রান পেলেও বলের সাথে লড়াইয়ে খুব এগিয়ে থাকতে পারেনি। বিনা উইকেটে তুলেছিলো তারা ৪৭ রান। সাদিকুর ১৯ রান করলেও রবি ৫৩ রান করেন। কিন্তু রবি এই রান করতে ৮৭ বল ব্যয় করে ফেলেন। এরপর মাহিদুল ইসলাম অংকন ৯৯ বলে করেন ৭৭ রান। তারপরও শেষ দিকে দ্রুত রান তোলেন অশোক মেনারিয়া। তিনি ৭৯ বলে ৮৭ রান করেন।
জবাব দিতে নামা রূপগঞ্জকে অসাধারণ শুরু এনে দেন দুই ওপেনার মেহেদী মারুফ ও মোহাম্মদ নাঈম। তারা বিনা উইকেটে ১১৮ রান তুলে ফেলেন। নাঈম ৭৩ বলে ৭২ রান করে ফিরে আসেন। মেহেদী দিনের একমাত্র সেঞ্চুরি করে তবে ফিরেছেন। তিনি ১৩৪ বলে ৮টি চার ও ২টি ছক্কায় ১০৮ রান করেন। অধিনায়ক নাঈম ইসলাম ২৮ রান করে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।
ফতুল্লায় আগে ব্যাট করা শেখ জামাল ৬ উইকেটে ২৭৭ রানের বড় পুঁজি সংগ্রহ করে। শুরুতেই তারা ওপেনার ইমতিয়াজ হোসেনের উইকেট হারায়। কিন্তু ফারদিন ৪৬ রান করে লড়াইটা ধরে রাখেন। তবে আসল কাজ করেন অধিনায়ক নুরুল হাসান সোহান ও আশেলা গুনারত্নে। দুইজনে ১২১ রানের জুটি করেন। গুনারত্নে ৬৫ বলে ৭৯ রান করে ফেরেন। অন্যদিকে ৮১ বলে ৮১ করে অপরাজিত থাকেন সোহান।
জবাব দিতে নামা গাজী গ্রুপ খুব সুবিধা করতে পারেনি। ৪৭ রানে হারিয়ে ফেলে তারা ৫ উইকেট। সামসুর রহমান শুভ ৮১ রান করে চেষ্টা করেছিলেন। পরের দিকে মেহেদী হাসান ৬০ রান করে ব্যবধান ঘোচান।
সংক্ষিপ্ত স্কোর:
শেখ জামাল ধানমন্ডি ক্লাব—গাজী গ্রুপ ক্রিকেটার্স
শেখ জামাল: ৫০ ওভারে ২৭৭/৬ (নুরুল হাসান ৮১*, গুনারত্নে ৭৯, ফারদিন ৪৬, নাসির ২৩; পারভেজ রসুল ৩/৩৭)।
গাজী গ্রুপ: ৪৭ ওভারে ২৩৪/১০ (সামসুর রহমান ৮১, মেহেদী ৬০, তারেক ২৭; খালেদ ৩/৩১, শাকিল ৩/৪৭, গুনারত্নে ২/৫০)।
ফল: শেখ জামাল ৪৩ রানে জয়ী
ম্যান অব ম্যাচ: আশেলা গুনারত্নে
খেলাঘর সমাজ কল্যাণ সমিতি—লিজেন্ডস অব রূপগঞ্জ
খেলাঘর: ৫০ ওভারে ২৬৪/৩ (মেনারিয়া ৮৭*, অংকন ৭৭, রবি ৫৩)।
রূপগঞ্জ: ৪৯.২ ওভারে ২৬৮/৫ (মারুফ ১০৮, মোহাম্মদ নাঈম ৭২, নাঈম ইসলাম ২৮*, মুমিনুল ২৬; মইনুল ৩/৪২)।
ফল: লিজেন্ডস অব রূপগঞ্জ ৫ উইকেটে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: মেহেদী মারুফ