রোমাঞ্চকর জয়ে শুরু জার্মানির

নেদারল্যান্ডসের বিপক্ষে রোমাঞ্চকর এক জয় দিয়ে ইউরো ২০২০ বাছাইপর্ব শুরু করেছে জার্মানি। দলটির কোচ জোয়াকিম লো তারুণ্যনির্ভর দলের এই জয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। অন্য খেলাগুলোয় বেলজিয়াম টানা দ্বিতীয় জয় তুলে নিলেও হাঙ্গেরির বিপক্ষে হারের কবলে পড়েছে ক্রোয়েশিয়া।

 লেরয় সানে ও সার্জ নাব্রে ইয়োহান ক্রুইফ অ্যারেনায় সি গ্রুপের এ খেলায় স্বাগতিক ডাচদের বিপক্ষে প্রথমার্ধেই লক্ষ্যভেদ করলে চালকের আসনে চলে যায় জার্মানি। তবে দ্বিতীয়ার্ধে ম্যাথিয়াস ডি লিগত ও মেম্ফিস ডিপাইয়ের গোলে সমতায় ফেরে নেদারল্যান্ডস। এরপর শেষ মিনিটে মার্কো রয়েসের বাড়ানো বলে নিকো সুলজ প্রতিপক্ষ জালে বল জড়ালে জয় নিশ্চিত হয় জার্মানির।    

জার্মানির জন্য গেল বছরটা বেশ ঝঞ্ঝাবিক্ষুব্ধ গেছে । শিরোপাধারী হিসেবে বিশ্বকাপে গিয়ে প্রথমপর্ব থেকেই ছিটকে পড়ে কোচ লো’র দল। এরপর উয়েফা নেশন্স লিগেও শেষ চার নিশ্চিত করতে ব্যর্থ হয় তারা। এবছরের শুরুটাও ভাল হয়নি তাদের। দিন চারেক আগে প্রীতি ম্যাচে সার্বিয়ার সঙ্গে ড্রয়ে বাধ্য হয়েছিল জার্মানি। সে দুর্দশা কাটিয়ে জয় দিয়েই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব শুরু করায় আনন্দিত বিশ্বকাপজয়ী এ কোচ। তিনি বলেন,‘আমি ব্যক্তিগতভাবে অনেক ভালো বোধ করছি। পুরনো বছরের কথা আর ভাবছি না আমি, সেটা চলে গেছে।’

আগের ম্যাচগুলোয় ভালো খেলেও জয় তুলে আনতে পারছিল না লোর দল। নেশন্স লিগে ফ্রান্সের বিপক্ষে হারের পর ড্র করেছিল নেদারল্যান্ডসের বিপক্ষে। তবে ম্যাচগুলোর নৈপুণ্যই আত্মবিশ্বাস জুগিয়েছিল জার্মান কোচকে। তিনি বলেন,‘শেষ ম্যাচগুলোয় আমরা কিছু ভালো মুহূর্ত কাটিয়েছিলাম। ফল নিজেদের পক্ষে না এলেও ফ্রান্সে এবং নেদারল্যান্ডসের বিপক্ষে ঘরের মাটিতে ভালো খেলেছিলাম আমরা যা আমার মনে ভালো অনুভূতি জন্ম দিয়েছিল।’

দলের অন্যতম তারকা খেলোয়াড় থমাস মুলার, ম্যাট হামেলস ও জেরোম বোয়াটেংকে ছাড়া দল ঘোষণা করায় কম সমালোচনার মুখেও পড়তে হয়নি লো’কে। আগের ম্যাচে ড্রয়ের পরে তাই তরুণ দলটির জন্য আরেকটু সময় চেয়েছিলেন তিনি। এদিন কোচের আস্থার দারুণ প্রতিদান দেন তরুণ খেলোয়াড়রা।

এদিকে ডাচ কোচ রোনাল্ড কোম্যান বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচে হারের কবলে পড়ার পুরো দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন । তিনি বলেন,‘৮৫ মিনিটে আমার মনে হয়েছিল তারা গোল করতে পারে। এ অবস্থায় কি করা যায় তা নিয়ে আমরা আলোচনা করছিলাম। কোনো আক্রমণাত্মক খেলোয়াড়কে তুলে নাথান আকেকে মাঠে আনাটা হয়ত ভালো সিদ্ধান্ত হতো। এটা আমার দোষ।’

প্রতিযোগিতার ‘আই’ গ্রুপে বেলজিয়ামের জয়রথ ছুটেই চলেছে। রাশিয়াকে আগের ম্যাচে হারানোর পর এবার এডেন হ্যাজার্ড ও মিচি বাতশুয়াইর গোলে সাইপ্রাসকে ২-০ গোলে হারিয়েছে তারা। তবে বিশ্বকাপের ফাইনালিস্ট ক্রোয়েশিয়া ই গ্রুপে হাঙ্গেরির কাছে ২-১ গোলে হেরেছে।