বাংলাদেশের গণমানুষের আবেগ, ভালোবাসার আশ্রয়স্থল এখন জাতীয় ক্রিকেট দল। তাদের জার্সিও দেশের ক্রিকেটপ্রেমীদের কাছে অনেক আরাধ্য। আর বিশ্বকাপের জার্সি তো স্বাভাবিকভাবেই সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে।
বাংলাদেশ জাতীয় দলের জার্সি প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে বিক্রির উদ্যোগ নিয়েছে বিসিবি। মূলত বিশ্বকাপকে সামনে রেখেই জার্সি বিক্রির প্রক্রিয়া শুরু করেছে বিসিবি। জার্সি বিক্রির স্বত্ব দেয়া হয়েছে দেশীয় প্রতিষ্ঠান স্পোর্টস অ্যান্ড স্পোর্টজ ডিজাইনকে। আগামী ২৫ এপ্রিল থেকে টাইগারদের বিশ্বকাপ জার্সি বিক্রি শুরু হবে। গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন ও স্পোর্টস এন্ড স্পোর্টজ ডিজাইনের কর্নধার মেহতাবউদ্দিন আনোয়ার আহমেদ। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী এক বছরের জন্য স্পোর্টস এন্ড স্পোর্টজ জিজাইনের সঙ্গে বিসিবির আনুষ্ঠানিক চুক্তি হয়েছে। সেই চুক্তি অনুযায়ী দেশের বিভিন্ন আউটলেটে রেপ্লিকা জার্সি বিক্রি করবে স্পোর্টস অ্যান্ড স্পোর্টজ ডিজাইন। তবে কোন কোন আউটলেটে জার্সি পাওয়া যাবে তা এখনো ঠিক করা হয়নি। এমনকি জার্সির মূল্যও এখনো নির্ধারণ করা হয়নি। তবে বিসিবির প্রধান নির্বাহী বলেছেন, ক্রয়ক্ষমতার মধ্যেই রাখা হবে জার্সির মূল্য। অতীতে বাংলাদেশের জার্সি নকল করে বিক্রি করতো দেশের বিভিন্ন প্রতিষ্ঠান। গতকাল সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার থেকে জার্সি নকল করে বিক্রি করলে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবে বিসিবি।