বিদেশে খেলতে যাওয়ার আগে নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ

নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলার ঘটনায় বেঁচে যাওয়া বাংলাদেশের ক্রিকেটাররা নিরাপদে দেশে ফিরলেও ভবিষ্যতে তারা যেখানেই খেলতে যাবেন সেখানে নিরাপত্তা নিশ্চিত করে তবেই যাবেন। শুধু ক্রিকেটাররাই নয় দেশের অন্য খেলাগুলোর ক্রীড়াবিদরা দেশের বাইরে আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ করতে যাবেন তাদের নিরাপত্তার বিষয়টা যেন সুরক্ষিত থাকে সেটিও মাথায় রাখতে চায় ক্রীড়া মন্ত্রণালয়। এই নিয়ে গতকাল ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি ফেডারেশনগুলোর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক শেষে বলেন, ‘এখন থেকে বিদেশে খেলতে যাওয়ার আগে সেই দেশের দূতাবাসের সঙ্গে সংশ্লিষ্ট ফেডারেশন যোগাযোগ করে নিরাপত্তার বিষয়টা নিশ্চিত করার পর মন্ত্রণালয় হতে সরকারি অনুমতি (জিও) দেওয়া হবে।’ ফেডারেশনগুলোর সঙ্গে বৈঠকে ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তারা এবং ফেডারেশন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।