সমরাস্ত্র পরিদর্শন করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মোঃ আবদুল হামিদ গতকাল সোমবার স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দরস্থ জাতীয় প্যারেড স্কোয়ারে আয়োজিত সমরাস্ত্র প্রদর্শনী পরিদর্শন করেন। রাষ্ট্রপতি প্রদর্শনীস্থলে এসে পৌঁছালে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, নৌবাহিনী প্রধান এডমিরাল আবু মোজাফ্ফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরী, বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মোঃ মাহফুজুর রহমান তাঁকে স্বাগত জানান।

রাষ্ট্রপতি মঞ্চে অবস্থান গ্রহণের পর আন্তঃবাহিনী বাদক দল জাতীয় সংগীত পরিবেশন করে। রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বিমান বাহিনীর যুদ্ধ বিমানের ফ্লাই পাস্ট ও বাংলাদেশ সেনাবাহিনীর চৌকস ছত্রীসেনা কর্তৃক প্যারাট্রুপিং প্রত্যক্ষ করেন। তিনি বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং স্টলসমূহে প্রদর্শীত সেনা, নৌ ও বিমান বাহিনীর বিভিন্ন সমরাস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম পরিদর্শন করেন। উল্লেখ্য, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের লক্ষ্যে তেজগাঁওস্থ পুরাতন বিমানবন্দর এলাকায় ২৪ মার্চ হতে ৩১ মার্চ পর্যন্ত আয়োজিত ৮ দিনব্যাপী এ সমরাস্ত্র প্রদর্শনী চলছে। ২৬ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ৯ টা হতে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত সর্ব সাধারণের জন্য খোলা থাকবে। ৩০ মার্চ দুপুর ১২ টা হতে বিকাল সাড়ে ৫ টা পর্যন্ত সর্ব সাধারণের সঙ্গে ঢাকার স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রী এবং ৩১ মার্চ দুপুর ১২ টা হতে সাড়ে ৫টা পর্যন্ত সশস্ত্র বাহিনী সদস্যদের পরিবারবর্গ ও তিন বাহিনী পরিচালিত স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের জন্য সমরাস্ত্র প্রদর্শনী উন্মুক্ত থাকবে।