সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্তিযুদ্ধ ও রাষ্ট্রবিরোধী গুজব, অপপ্রচার চালানোর অভিযোগে ছাত্রদলের সাবেক নেতা ও বিএনপি’র সাইবার দলের আশেক আহমেদকে গ্রেফতার করেছে র্যাব। আশেক আহমেদ জাতীয়তাবাদী সাইবার দল নাটোর শাখার সভাপতি বলে নিজেকে দাবি করেছেন। রবিবার রাত ১১টার দিকে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম (মিডিয়া) শাখার সহকারী পরিচালক সিনিয়র এএসপি মো: মিজানুর রহমান ভূঁইয়া।
র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল এমরানুল হাসান বলেন, আশেক তার ফেসবুক পেজে মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে বিভ্রান্তিকর, বিতর্কিত ও কটাক্ষপূর্ণ মন্তব্য করে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী প্রপাগান্ডা চালিয়ে আসছিলেন। এছাড়াও তিনি জাতীয় নেতাদের সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য ও ছবি পোস্ট করেছেন।
জিজ্ঞাসাবাদে আশেক র্যাবকে জানায়, ছাত্রজীবন থেকে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে অধ্যয়নকালে বঙ্গবন্ধু হলের ছাত্রদলের সহ-সভাপতি ছিলেন। ২০০৯ সালে রাজনৈতিক পট পরিবর্তন হলে আশেক আহমেদ ইতালি চলে যান। ২০১৪ সালে দেশে এসে বিএনপির রাজনীতিতে সক্রিয় হন। আশেক নিজেকে নাটোর জেলার স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি এবং নাটোর জেলা জাতীয়তাবাদী সাইবার দলের সভাপতি বলে দাবি করেন।