১০ টাকার চাল নিলেন সাবেক ইউপি চেয়ারম্যানের ছেলে

 
গোপালগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় অতি দরিদ্র্যদের জন্য ১০ টাকা কেজি দরের চাল নিলেন সাবেক ইউপি চেয়ারম্যানের ছেলে।
 
স্থানীয়রা অভিযোগ করেছেন, গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের সরোজ কান্তি বিশ্বাস খোকন ইউপি চেয়ারম্যানের দায়িত্বে থাকার সময় গত বছর হতদরিদ্র্যদের ১০ টাকা কেজি দরের চালের কার্ড প্রদানের তালিকা প্রণয়ন করা হয়।
 
ওই তালিকা অনুযায়ী হতদরিদ্রদের কার্ড দেয়া হয়।বাবা চেয়ারম্যান থাকায় ছেলে সিদ্ধার্থ ক্ষমতার অপব্যবহার করে হতদরিদ্রের তালিকা প্রণয়ন করেন। সেখানে তিনি নিজের নামে একটি কার্ড নেন। এতে প্রকৃত হতদরিদ্র পরিবার বঞ্চিত হয়েছে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
 
রঘুনাথপুর ইউনিয়নে ১০ টাকা দরের চাল বিক্রিতে নিয়োজিত ডিলার ভূপতি বণিক বলেন, কার্ড নিয়ে সিদ্ধার্থ অক্টোবর মাসে ৩০ কেজি ও সেপ্টেম্বর মাসে ৩০ কেজি চাল উত্তোলন করেছেন।
 
সিদ্ধার্থ বিশ্বাস সতু কার্ড নেয়ার কথা স্বীকার করে বলেছে, আমার অজান্তেই  সাবেক ইউপি মেম্বর প্রণয় বিশ্বাস আমার নামে একটি কার্ড দিয়েছে। কার্ড পাওয়ার পর বর্তমান চেয়ারম্যান শ্রীবাস বিশ্বাসকে আমার কার্ড বাতিল করার জন্য অনুরোধ করেছি। ঐ মাত্র একবার সেপ্টেম্বর মাসে ৩০ কেজি চাল উত্তোলন করে একটি হতদরিদ্র পরিবারকে দিয়ে দিয়েছি।
 
সাবেক ইউপি মেম্বর প্রণয় বিশ্বাস বলেন, চেয়ারম্যানের ছেলে সিদ্ধর্থ নিজেই প্রভাব খাটিয়ে কার্ড নিয়েছে। আমি তাকে কার্ড দেইনি।
 
সাবেক ইউপি চেয়ারম্যান সরোজ কান্তি বিশ্বাস খোকন ভারতে অবস্থান করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
 
গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, এ চাল শুধুমাত্র হতদরিদ্র্যরাই পাবেন। ইতিমধ্যে তালিকা যাচাই-বাছাই শুরু হয়েছে। প্রভাবশালী ও বিত্তবানদের তালিকা থেকে বাদ দেয়া হচ্ছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
 
ইত্তেফাক/এএসএস