ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের নির্বাচনে গতকাল সোমবার ছিল মনোনয়ন ফরম ক্রয় ও জমাদানের শেষ দিন। নির্বাচনে চেম্বার ও অ্যাসোসিয়েশন মিলিয়ে ৭২ জন পরিচালক নির্বাচিত হবেন। এর মধ্যে চেম্বার ও অ্যাসোসিয়েশন থেকে ৩০ জন মনোনীত পরিচালকের বাইরে বাদবাকী ৪২টি পরিচালক পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। অবশ্য মনোনয়ন ফরম জমা দিতে হবে ৭২ পরিচালক পদের সবাইকে। কিন্তু সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গতকাল শেষ দিনে নির্ধারিত প্রার্থীর বাইরে কেউ মনোনয়ন ফরম ক্রয় কিংবা জমা দেননি। কেউ কেউ মনোনয়ন ফরম ক্রয় করতে চাইলেও পারেন নি বলে জানা গেছে। অর্থাত্ শেষ পর্যন্ত বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচনই অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠনে।
এর আগে গত রবিবার বর্তমান সিনিয়র সহ-সভাপতি শেখ ফজলে ফাহিমের নেতৃত্বে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি সালমান এফ রহমান, বর্তমান সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিনসহ বর্তমান ও সাবেক ব্যবসায়ী নেতৃবৃন্দ।