ভোমরা স্থল বন্দরে ভারতীয় ট্রাক হেলপারের মৃত্যু

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ভারতীয় এক ট্রাক হেলপারের রহস্যজনক মৃত্যু হয়েছে। তার নাম গৌতম গোলদার (৪৯)। তিনি ভারতের পশ্চিমবাংলার দক্ষিণ ২৪ পরগনা  জেলার বসিরহাট মহকুমার বেলেদোনাপুরের হরিদাস গোলদারের ছেলে।
 
সোমবার ভোরে চালভর্তি একটি ভারতীয় ট্রাকের কাছেই তার লাশ পড়ে থাকতে দেখা যায়। বৃহস্পতিবার ভারতীয় চাউল নিয়ে বন্দরে এসে আনলোডের অপেক্ষায় ছিলেন তিনি।
 
ভোমরা স্থল বন্দর সি অ্যান্ড এফ অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দিলওয়ার রাজু জানান, ভারতীয় চাউল ভর্তি ট্রাক (ডই - ৪১-ই-৯৬৯৭) এর হেলপার গৌতম রবিবার রাতেও ট্রাকে ঘুমিয়ে ছিলেন। সকালে তাকে ট্রাকের পাশেই মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
 
বিজিবির ভোমরা কোম্পানি কমান্ডার সুবেদার সিরাজুল গনি জানান, তার কাছে পাওয়া পরিচয়পত্র অনুযায়ী তিনি ভারতের নাগরিক। আইনগত ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।
 
পুলিশের প্রাথমিক ধারণা, স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।
 
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্যা জানান, বিজিবি ও বিএসএফের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
 
ইত্তেফাক/এএসএমইউ