আর্থিক প্রতিষ্ঠান

ব্যবসা উন্নয়ন কেন্দ্র স্থাপনে লাগবে অনুমোদন

এখন থেকে ব্যবসা উন্নয়ন কেন্দ্র স্থাপনে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানকে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে। এর অংশ হিসেবে তাদের পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের কপিসহ নির্দিষ্ট ছকে বাংলাদেশ ব্যাংকের নিকট পুর্বানুমোদনের জন্য আবেদন করতে হবে। ব্যবসা উন্নয়ন কেন্দ্রে তারা কি ধরণের সেবা দিতে পারবে সেটিও নির্দিষ্ট করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বলা হয়েছে, এ ধরনের স্থাপনায় আমানত গ্রহণ ও ঋণ প্রদান সংক্রান্ত কোন আর্থিক লেনদেন করা যাবে না। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠানসমূহের শাখা/বুথ স্থাপন/স্থানান্তরের পাশাপাশি যে কোন ধরনের ব্যবসা উন্নয়ন কেন্দ্র যেমন বিজনেজ ডেভেলপমেন্ট সেন্টার, কাস্টমার সেন্টার, কল সেন্টার, ইউনিট অফিস বা সেলস অফিস যে নামেই অভিহিত করা হোক এগুলো স্থাপনে বাংলাদেশ ব্যাংকের পুর্বানুমোদন নিতে হবে। এলাকাভিত্তিক গ্রাহক সেবা, পরামর্শ প্রদান, অভিযোগ গ্রহণ ও নিস্পত্তিকরণ, প্রতিষ্ঠানের মানবসম্পদ উন্নয়নসহ সরাসরি অর্থায়ন ব্যবসা নয় এমন কার্যক্রম সংশ্লিষ্ট ব্যবসা উন্নয়ন কেন্দ্রে পরিচালনা করা যাবে। তবে আমানত গ্রহণ ও ঋণ প্রদান সংক্রান্ত কোন আর্থিক লেনদেন সম্পাদন করা যাবে না।