টাঙ্গাইলের কালিহাতীতে এক কলেজ ছাত্রকে তার বন্ধুরা গলা কেটে হত্যা করেছে। আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে। এলাকাবাসী এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একজনকে ধরে পুলিশের কাছে সোর্পদ করা হয়।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজ্জামান জানান, সোমবার সকালে উপজেলার নাগবাড়ী ইউনিয়নের আউলিয়াবাদ আলাউদ্দিন সিদ্দিকী মহাবিদ্যালয়ের ছাত্র আল-আমিনকে (১৮) তার চার বন্ধু কলেজের পিছনে ডেকে নিয়ে যায়। এক পর্যায়ে ওই চার বন্ধু মিলে আল-আমিনকে গলা কেটে হত্যা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় এলাকাবাসী চাঁন মাহমুদ নামে এক বন্ধুকে আটক করে।
নিহত আল-আমিন আউলিয়াবাদ আলাউদ্দিন সিদ্দিকী মহাবিদ্যালের উচ্চমাধ্যমিক শ্রেণীর বাণিজ্য বিভাগের ২য় বর্ষের ছাত্র। তিনি কালিহাতী উপজেলার খালোয়া বাড়ি এলাকার আব্দুল আলীর ছেলে।
আটককৃত চান মাহমুদ একই উপজেলার জোয়াইর এলাকার জহির উদ্দিনের ছেলে এবং আলাউদ্দিন সিদ্দিকী মহাবিদ্যালয়ের উচ্চমাধ্যমিক বিজ্ঞান বিভাগের ছাত্র।
এ ব্যাপারে কালিহাতী থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাসস।