নারায়ণগঞ্জে শিক্ষক লাঞ্ছনা: বিচার বিভাগীয় কমিটি’র তদন্ত শুরু

নারায়ণগঞ্জে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটি তদন্ত কাজ শুরু করেছে। সংসদ সদস্য সেলিম ওসমানের বিরুদ্ধে বন্দর উপজেলার কল্যান্দি এলাকায় পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছিত করার ঘটনা তদন্তে উচ্চ আদালতের নিদের্শে তিন সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠিত হয়।
 
এই কমিটি আজ সোমবার দুপুরে ঘটনাস্থলে হাজির হয়ে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগকারী শিক্ষার্থী একই স্বুলের দশম শ্রেণির ছাত্র রিফাত হাসানকে জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে তাদের তদন্ত কাজ শুরু করেন।
চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট শেখ হাফিজুর রহমানের নেতৃত্বে গঠিত এ কমিটির অপর দু’জন সদস্য হলেন- মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট গোলাম নবী ও মাজহারুল ইসলাম। তদন্ত কমিটিকে নারায়ণগঞ্জ থেকে সহায়তা করছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম। 
এদিকে এ ঘটনায় উচ্চ আদালতে দায়েরকৃত রিট মামলার শুনানি আগামী ৪ নভেম্বর ধার্য করা হয়েছে। 
 
গত ১৩ মে ইসলাম ধর্মের নামে কটুক্তির অভিযোগে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে জাতীয় পার্টি থেকে নির্বাচিত সংসদ সদস্য সেলিম ওসমান জনসম্মুখে প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কান ধরে উঠ-বস করায়।
 
স্থানীয় এমপি’র এ আচরণে দেশব্যাপী ক্ষুব্ধ প্রতিক্রিয়া সৃষ্টি হলে বিষয়টি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় তদন্ত করে। এছাড়াও নারায়ণগঞ্জের পুলিশ ও জেলা প্রশাসনও তদন্ত করে। পরে উচ্চ আদালতের নির্দেশে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়। -বাসস।