বাঁশখালীতে সন্ত্রাসীর গুলিতে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের কাহারঘোনা এলাকায় সন্ত্রাসীর গুলিতে ১ যুবক নিহত হয়েছেন। সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে গুলিবিদ্ধ হয়ে নিহত যুবক সাহাব উদ্দিন (৩৫) ওই এলাকার ফরিদ আহমদের পুত্র।  জানা যায়, স্থানীয় জালিয়াখালী বাজার থেকে মাছ কিনে বাড়ি ফেরার পথে পশ্চিম কাহারঘোনা এলাকায় নিজ বাড়ির কাছাকাছি পৌঁছলে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পূর্ব থেকে ওত পেতে থাকা প্রতিপক্ষের লোকজন। এ সময় স্থানীয়রা গুলিবিদ্ধ সাহাব উদ্দিনকে হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু ঘটে বলে নিশ্চিত করেছেন হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিত্সক ডা. মুনিরা ইয়াছমিন।

হাসপাতালে সরজমিনে গিয়ে দেখা যায়, নিহত যুবকের লাশের পাশে আহাজারিতে ভেঙে পড়েছেন তার স্ত্রী ও আত্মীয়-স্বজনরা। নিহত যুবকের স্ত্রী সাংবাদিকদের জানান, তার স্বামীকে গুলি করে মেরেছে স্থানীয় ইউপি মেম্বার জামাল উদ্দিনের পুত্র ফখরুদ্দিন। তবে কি কারণে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে তার বিস্তারিত এই রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি। স্থানীয়রা জানান, পূর্ব বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে।