সাতক্ষীরার তালা উপজেলার শালিখা নদীতে ব্রিজ না থাকায় মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। তালা-কাটিপাড়া সড়কে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে থাকে। যানবাহনসহ পথচারীদের যাতায়াতের সবচেয়ে সহজ এবং গুরুত্বপূর্ণ এ সড়কটি শালিখা নদী পার হয়ে পাইকগাছা উপজেলার কাটিপাড়া বাজারে উঠেছে।
শালিখা নদীর দু’পাড়েই গুরুত্বপূর্ণ হাটবাজার, শিক্ষা প্রতিষ্ঠান, ঐতিহাসিক স্থান, অসংখ্য গ্রাম এবং দুই জেলার একাধিক উপজেলা অবস্থিত। কিন্তু দীর্ঘদিন যাবত্ শালিখা নদীর উপর কোনো ব্রিজ বা সেতু নির্মিত হয়নি। তাই এলাকার মানুষ স্বেচ্ছাশ্রমে একটি সাঁকো নির্মাণ করলেও সময়ের ব্যবধানে তা ভেঙে নদীতে বিলীন হয়ে যায়। সেই থেকে অদ্যাবধি সরকারিভাবে সাঁকোটি সংস্কার কিংবা ব্রিজ নির্মাণের কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। বর্তমানে স্থানীয় গ্রামবাসী নদীর উপর বাঁশ দিয়ে সাঁকো তৈরি করে তার উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে। ফলে এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে তালা ও পাইকগাছা উপজেলার মানুষ বিভিন্ন সময় সংশ্লিষ্ট ঊর্ধ্বতন দপ্তরে আবেদন করলেও তাতে টনক নড়েনি কর্তা ব্যক্তিদের। তবে সাঁকোটি সংস্কারের জন্য তালা উপজেলা প্রকৌশল অধিদপ্তর থেকে দু’দফা এবং পাইকগাছা উপজেলা প্রকৌশল অধিদপ্তর থেকে একবার এডিপির বরাদ্দ দেওয়া হয়। অথচ সাঁকো সংস্কারের জন্য কোনো কাজ না করে সমুদয় টাকা আত্মসাত্ করা হয় বলে অভিযোগ এলাকাবাসীর। যদিও টেন্ডারের বিষয় এবং টাকা আত্মসাতের বিষয় জানা নেই বলে জানিয়েছেন তালা উপজেলা প্রকৌশলী কাজী আবু সাঈদ মো. জসীম।
পাইকগাছা উপজেলার রাড়ুলী গ্রামের শিক্ষক মো. সফিকুল ইসলাম জানান, তালা উপজেলাসহ পাইকগাছার ঐতিহ্যবাহী বাঁকা ও কাটিপাড়া বাজার, জগত্খ্যাত বিজ্ঞানী আশ্চর্য প্রফুল্ল চন্দ্র রায়ের রাড়ুলী গ্রাম ও তার বাড়ি, আশাশুনি সদর, কয়রা উপজেলা ও সুন্দরবনসহ তত্সংলগ্ন এলাকার হাজার হাজার মানুষ প্রতিদিন শালিখা নদীর উপর দিয়ে যাতায়াত করে। কিন্তু আজ পর্যন্ত সেখানে কোনো সেতু বা ব্রিজ নির্মিত না হওয়ায় এলাকার মানুষ চরম দুর্ভোগে রয়েছে। যোগাযোগ ব্যবস্থা অব্যাহত রাখার জন্য কাটিপাড়া, শালিখা, বালিয়া ও মুড়াগাছা গ্রামের কিছু লোক নদীর উপর বাঁশ ও কাঠ দিয়ে যেনতেন করে একটি সাঁকো তৈরি করেছে।
যার উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষ মোটরসাইকেল, ভ্যান, সাইকেল, নসিমন, করিমন এবং অন্যান্য যানবাহন চলাচল করলেও জোয়ারের সময় তা বন্ধ হয়ে যায়। তাই এ দুর্ভোগ লাঘবে শালিখা নদীতে অবিলম্বে একটি ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছে এলাকাবাসী।
ইত্তেফাক/এএন