খুলনায় রেলওয়ের জমিতে গড়ে ওঠা শের-এ-বাংলা বিপণী কেন্দ্রের ৯০টি অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এ অভিযান দুপুর আড়াইটায় শেষ হয়। এর আগে গত বছর কর্তৃপক্ষ এ মার্কেটের ৪০টি প্রতিষ্ঠান উচ্ছেদ করে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানান, মঙ্গলবার সকাল ৯টা থেকে দোকান উচ্ছেদ অভিযান শুরু হয়। যা দুপুর আড়াইটায় শেষ হয়। অভিযানকালে বুলডোজার দিয়ে পুরো মার্কেট গুড়িয়ে দেয়া হয়। অভিযানের নেতৃত্ব দেন রেলওয়ে পাকশীর বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. হাফিজুর রহমান। এ সময় প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা ড. আব্দুল মান্নান, বিভাগীয় রেলওয়ে ম্যানেজার মো. আফজাল হোসেন এবং প্রধান প্রকৌশলী ও বিভাগীয় প্রকৌশলীসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া আইন-শৃংখলা রক্ষায় খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বে ছিলেন।
রেলওয়ে পাকশীর বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, এসব অবৈধ স্থাপনার কারণে খুলনায় আধুনিক রেল স্টেশন নির্মাণ কাজ বাধাগ্রস্ত হচ্ছিল। যে কারণে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এছাড়া রেলের জমিতে গড়ে ওঠা অন্যান্য অবৈধ স্থাপনাও পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।
উল্লেখ্য, খুলনায় রেলওয়ের জমিতে গড়ে ওঠা শের-এ-বাংলা বিপণী কেন্দ্রের ১৩০টি অবৈধ ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে গত বছরের ৪ ও ৫ মার্চ কর্তৃপক্ষ ৪০টি প্রতিষ্ঠান উচ্ছেদ করে। এবার বাকিগুলো উচ্ছেদ করা হলো।
ইত্তেফাক/এমআই