পাবনার সাঁথিয়া উপজেলায় সাবেক ইউপি সদস্যকে গুলি করেছে সন্ত্রাসীরা।
মঙ্গলবার ভোর রাতে এ ঘটনা ঘটে। আহত মজিবর (৪০) সুজানগর উপজেলার মধুপুর গ্রামের সাবেক ইউপি সদস্য।
জানা গেছে, সাঁথিয়া উপজেলার মিয়াপুর গ্রামের ঘর জামাই মজিবর ভোরে পাট নিয়ে বনগ্রাম হাটে যাচ্ছিলেন। আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল সন্ত্রাসী পাইকপাড়া ব্রিজের কাছ থেকে তাকে অপহরণ করে। এ সময় তার সঙ্গে থাকা শ্যালক মিয়াপুর গ্রামের মিঠু (৩০) বাধা দিতে গেলে সন্ত্রাসীরা তাকে পিটিয়ে আহত করে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। এবং মজিবরকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে দুই পায়ে গুলি করে মজিবরকে সুজানগর উপজেলার ঘোড়াদহ নামক স্থানে ফেলে রেখে যায় সন্ত্রাসীরা। স্থানীয়রা উদ্ধার করে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে পাবনা সদর হাসপাতালে ভর্তি করায়।
মজিবরের পরিবার জানায়, সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে তার কাছে চাঁদা দাবি করছিল।
থানার ডিউটি অফিসার আবুল কালাম আজাদ বলেন, ‘এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
ইত্তেফাক/এএসএমইউ