সেলফি তুলতে গিয়ে পদ্মায় প্রাণ গেল কলেজছাত্রের

সেলফি তুলতে গিয়ে পদ্মা নদীতে পড়ে ঢাকার কবি নজরুল কলেজের এইচএসসির প্রথম বর্ষের ছাত্র রাকিবুল হাসান (১৭) মারা গেছেন। 
 
মঙ্গলবার দুপুরে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ৩ নং ফেরিঘাট সংলগ্ন পদ্মায় এ ঘটনা ঘটে। 
 
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিচুর রহমান জানান, রাকিবুল ও তার পাঁচ বন্ধু মঙ্গলবার শিমুলিয়া ঘাটে বেড়াতে আসেন। এ সময় তারা ৩ নম্বর ঘাট সংলগ্ন পদ্মার পাড়ে সেলফি তুলছিলেন। হঠাৎ রাকিবুল পা ফসকে পদ্মা নদীতে তলিয়ে যায়। স্থানীয়রা পদ্মায় খোঁজাখুজি করে তাকে না পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। শ্রীনগর উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে রাকিবুলের লাশ উদ্ধার করে। 
 
রাকিবুল হাসান ঢাকার ২৬৩/৩ লালবাগের ভাড়াটিয়া জাহাঙ্গীর আলমের পুত্র। তাদের গ্রামের বাড়ি জাজিরা উপজেলায় বলে জানা গেছে। লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তানান্তর করা হয়েছে।  
 
ইত্তেফাক/ইউবি