জেলার সিদ্ধিরগঞ্জ মাদকের জমজমাট ব্যবসা চলছে। প্রতিদিন সন্ধ্যার পর প্রতিটি মহল্লায় মাদক ব্যবসায়ীরা অভিনব কৌশলে সেবনকারীদের কাছে ইয়াবা, ফেন্সিডিল পৌঁছে দিচ্ছে। যার কারণে পুলিশসহ প্রশাসনের অন্যান্য বাহিনীর সদস্যরা মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করতে পারছে না। তবে পুলিশ বলছে প্রতিদিন থানায় মাদক মামলা হচ্ছে। মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হচ্ছে। আগের চেয়ে অনেক কম মাদক ব্যবসায়ী সিদ্ধিরগঞ্জে রয়েছে।
জানা গেছে, সিদ্ধিরগঞ্জে হচ্ছে জেলার মধ্যে মাদকের আস্তানার অন্যতম স্থান। এ এলাকা দিয়ে প্রতিদিন পাঁচ থেকে ছয় হাজার যাত্রীবাহী বাস চলাচল করে। যার কারণে মাদক ব্যবসায়ীরা অবাদে সীমান্তবর্তী জেলাগুলো থেকে সহজে মাদক আনতে পারে। মাঝে-মধ্যে কয়েকটি চালান র্যাব ধরলেও কয়েক মাস ধরে র্যাবের অভিযান একটু শিথিল হওয়ায় মাদক ব্যবসায়ীরা নির্ভয়ে মাদক ব্যবসা করে যাচ্ছে। মাদক ব্যবসায়ীরা রাত সাড়ে সাতটা থেকে ৯টার মধ্যে প্রতিটা মহল্লায় মাদক পৌঁছে দেয়। কারণ এ সময় পুলিশ ডিউটি পরিবর্তন করে। এ সময় রাস্তায় পুলিশের কোনো গাড়ি থাকে না। তার কারণে নির্ভয়ে মাদক ব্যবসায়ীরা মাদক পৌঁছে দিতে কোনো বাধা অতিক্রম করে না বলে জানায় এলাকাবাসী।
সিদ্দিরগঞ্জের ছয়নং ওয়ার্ডের এক বাসিন্দা বলেন, মাদক মুক্ত সমাজ গড়তে হলে স্কুল কলেজের শিক্ষার্থীদের ক্লাসে তার কুফল জানাতে হবে। তাদের প্রতি অভিভাবকদের নজর দিতে হবে। পাশাপাশি সমাজের অভিভাবকদের নজর দিতে হবে। পুলিশ ও র্যাবের টহল বৃদ্ধি করলে কিছুটা হলেও মাদক মুক্ত করা যাবে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মুঃ সরাফত উল্লাহ জানান, ‘মাদক মুক্ত সিদ্ধিরগঞ্জ গড়ার প্রত্যয় আমি আশার পর পরই গ্রহণ করেছি। প্রতিদিন মামলা হচ্ছে। মাদক ব্যবসায়ী বা সেবনকারী আটক করা হলে তা কখনো ছাড়া হয়নিই। মাদক মুক্ত সিদ্ধিরগঞ্জ গড়তে চাই সকলের সহযোগিতা নিয়ে। র্যাব ১১ সহকারী অধিনায়ক লেঃ কমান্ডার গোলজার হোসেন জানান, র্যাব ১১ মাদক অভিযান চলমান আছে। বিভিন্ন সময় অস্ত্র, মাদকের চালানসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হচ্ছে। র্যাব ১১ অভিযান অব্যাহত রয়েছে। আমাদের অভিযান শিথিল হয়েছে তা সঠিক নয়।’
ইত্তেফাক/এএন