আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারের আগুনে দম্পতি দগ্ধ

সাভার উপজেলার আশুলিয়ায় একটি শ্রমিক কলোনিতে রান্না করার সময় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই কলোনির ভাড়াটিয়া এক দম্পতি অগ্নিদগ্ধ হয়েছে। বুধবার সকালে আশুলিয়ার জামগড়ার চিত্রশাইল এলাকার কফিল উদ্দিনের ৩ তলা বাড়ির নিচতলায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মোঃ রফিকুল ইসলাম (৩২) ও তার স্ত্রী লাইজু বেগম (২৫)। তাদের গ্রামের বাড়ি টাঙ্গাইলের গোপালপুর থানাধীন পাথালীয়া গ্রামে এবং তারা দুজনেই আশুলিয়ার স্টার লিং নামে পোশাক কারখানায় চাকরি করেন।

তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আগুনে লাইজু বেগমের দেহের প্রায় ৮০ শতাংশ ও রফিকুল ইসলামের ৩০ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিত্সকরা।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) লোকমান হোসেন জানান, ধারণা করা হচ্ছে রাতে রান্না করে সিলিন্ডার গ্যাসের চুলা ভালো মতো বন্ধ করা হয়নি। ফলে সারা রাত গ্যাস বের হয়ে কক্ষে ছড়িয়ে পড়ে। এ অবস্থায় সকালে আবার রান্না করার জন্য আগুন জ্বালালে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এসময় স্বামী-স্ত্রী দু’জনেই দগ্ধ হন।