রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার বিকাল সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত ‘এইচ ইউনিট’ (জোড়) পরীক্ষা চলাকালে চতুর্থ বিজ্ঞান ভবনের ২৩৩ নম্বর কক্ষ থেকে মোবাইল ডিভাইসসহ তাকে আটক করা হয়।
পরে জিজ্ঞাসাবাদ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাদী হয়ে ঐ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। নগরীর মতিহার থানা পুলিশ তাকে ঐ মামলায় গ্রেফতার করে।
গ্রেফতারকৃত শিক্ষার্থী আশিক আহমেদ বগুড়ার আজিজুল হক সরকারী কলেজের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি বগুড়া সদর উপজেলার মাঝিয়াল এলাকার আব্দুস সোবহানের ছেলে।
প্রক্টর অফিস সূত্রে জানা যায়, ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিনে এইচ ইউনিটের জোড় পরীক্ষা চলাকালে আশিক আহমেদ নামের এক শিক্ষার্থী ‘আল আমিন’ নামের হয়ে পরীক্ষার প্রশ্নপত্র ডিভাইসের মাধ্যমে ছবি উঠিয়ে বাইরে পাঠাচ্ছিল। বাইরে থেকে একটি জালিয়াতি চক্র ডিভাইসের মাধ্যমে প্রশ্ন সংগ্রহ করে উত্তর বিভিন্ন পরীক্ষার্থীকে পাঠাতো। স্ক্যান করে পাঠানোর সময় পরীক্ষার হলে দায়িত্বরত শিক্ষক বিষয়টি বুঝতে পেরে তাকে আটক করে। পরে প্রক্টর অফিসে নিয়ে আসা হয়।
তিনি আরো জানান, ঐ শিক্ষার্থীর ‘আল আমিন’সহ আরো চারটি নাম দিয়ে বিভিন্ন ইউনিটে ফরম উত্তোলনের কথা পূর্ব থেকেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানতে পারে। এর আগের পরীক্ষা গুলোতে তার প্রতি নজর রাখা হচ্ছিল, সেই সূত্র ধরেই মূলত তাকে আটক করা হয়। প্রতিটি পরীক্ষার প্রশ্ন স্ক্যান করে সরবরাহ করার জন্য চক্রের সাথে তার ১০ হাজার টাকার চুক্তি হয়।
বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান বলেন, পরীক্ষা চলাকালীন সময় আশিক নামের একজনকে জালিয়াতি সময় আটক করা হয়েছে। চক্রটি ধরার জন্য তদন্ত চলছে।
ইত্তেফাক/এএসএস