সুন্দরবনের পাশে শিল্প না করে পর্যটন কেন্দ্র করা হবে ---------------------- বন উপমন্ত্রী

বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার বলেছেন, দেশি-বিদেশি ইকো-ট্যুরিস্টদের (পতিবেশ-পর্যটক) ক্রমবর্ধমান চাপ সামাল দিতে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের আলীবান্ধা ও আন্ধারমানিকে নতুন দুইটি পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে।

সোমবার সকালে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের আলীবান্ধা ও আন্ধারমানিকে নতুন দুইটি পর্যটন কেন্দ্র এলাকা পরিদর্শন শেষে শরণখোলা উপজেলার খুড়িয়াখালী সাইক্লোন শেল্টারে সুন্দরবনের শরণখোলা রেঞ্জ সহ-ব্যবস্থাপনা কমিটির সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সুন্দরবন আমাদের সম্পদ, তাই এর আশপাশে শিল্প-কারখানা না করে ট্যুরিস্টদের আবাসনসহ অত্যাধুনিক পর্যটন কেন্দ্র গড়ে তুলতে দেশের শিল্পপতিদের প্রতি আহ্বান জানান।

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাগেরহাট-৪ আসনের এমপি ডা. মোজাম্মেল হোসেন, বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. মাহমুদুল হাসান প্রমুখ।