গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জহুরুল ইসলাম (৫৫) নামে এক বাসযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্ততঃ ১০ যাত্রী।
বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলা শহরের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জহুরুল জেলার পলাশবাড়ী উপজেলার ঝালিঙ্গী গ্রামের শাফায়েত উল্যাহর ছেলে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আবুল বাশার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, সকালে গাইবান্ধা থেকে বগুড়াগামী নান্নু এন্টারপ্রাইজের একটি যাত্রীবাস ওই এলাকায় বিপরীতমুখী মালবাহী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও অন্ততঃ ১০ জন আহত হন। তাতক্ষনিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
তিনি আরো জানান, স্থানীয়দের সহায়তায় আহতদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/কেকে